বাংলাদেশ সীমান্তের কাছে জান্তাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করল বিদ্রোহীরা
বিশেষ সংবাদদাতা, বান্দরবান
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
বাংলাদেশের বান্দরবান সীমান্তের কাছে অবস্থিত বার্মার চিন রাজ্যের একটি শহরে বুধবার বিকেলে জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শহরটিতে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। মাঝে বিদ্রোহীরা দাবি করেছিল, তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।
সংবাদমাধ্যম ইরাবতীর বরাত দিয়ে বার্মা থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশ সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষনে গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, রাখাইন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। আরাকান আর্মি ভূপাতিত হেলিকপ্টারের একাধিক ছবিও প্রকাশ করেছে।
আরাকান আর্মির মুখপাত্র খিয়াং থুখা জানিয়েছেন, ‘পালেতওয়া শহরে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি। আমরা গুলি করার পর হেলিকপ্টারটি “পাই” পাহাড়ের ঘন বনের মধ্যে গিয়ে পড়ে। এই পাহাড়ের পাশে “কাঙ্খা” পাহাড়ে জান্তাবাহিনীর একটি ঘাঁটিও ছিল। পরে আমরা ঘাঁটিটি দখলের পর এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাই।’
উল্লেখ্য, এই দুটি পাহাড়ই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবানের পাশেই অবস্থিত। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আরাকান আর্মি চিন রাজ্যের এই শহরটি দখল করে নেয়। তার আগে টানা দুই মাস ধরে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করে আরাকান আর্মি।
এর আগে, গত বছরের অক্টোবর বার্মার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ এবং আরাকান আর্মি-এএ এর সমন্বয়ে গঠিত হয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স।
গত অক্টোবরে শান রাজ্যে এই জোট জান্তাবিরোধী ‘অপারেশন-১০২৭’ শুরু করে। এই অপারেশনে বেশ সাফল্যও লাভ করে জোট। পরে নভেম্বরের মাঝামাঝি অভিযান শুরু করে চিন রাজ্যেও। এ পর্যন্ত তারা তিন শতাধিক শহর ও সামরিক ঘাঁটি দখল করেছে।
