বান্দরবান সীমান্ত কিছুটা শান্ত হলেও উত্তেজনা টেকনাফে
বিশেষ সংবাদদাতা, কক্সবাজার
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম
বাংলাদেশ লাগোয়া বান্দরবান সীমান্তে বার্মার বিদ্রোহী বাহিনী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। বান্দরবানের সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন বাংলা আউটলুকের বিশেষ সংবাদদাতা।
তিনি জানিয়েছেন, বান্দরবানের তুমব্রু সীমান্তের উত্তেজনা কমতে শরু করেছে। কারণ, সীমান্তের ওপারে বিদ্রোহীরা জান্তা বাহিনীর সবগুলো ক্যম্প দখলে নিয়েছে বলে জানাগেছে। এসব এলাকার বাড়ি ছেড়ে যাওয়া বাংলাদেশী বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে।
তবে, সীমান্তের এই অংশে মঙ্গলবার বিকেলের পর থেকে বুধবার বিকেল পর্যন্ত গোলগুলি বন্ধ থাকলেও জান্তা বাহিনী কখন পূনরায় বিমান বা হেলিকপ্টার থেকে গোলা বর্ষন করে এটিই বাসিন্দাদের প্রধান আতঙ্ক বলে স্থানীয়রা জানান।
এদিকে, নতুন করে কক্সবাজারের টেফনাফ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, গোলাগুলি শব্দের সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে উপরের দিকে চলে আসে। এর কিছুক্ষণ পর উলুবনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী-বিজিপির ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয় নিয়ে যায়।
গত দুই দিনে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭৫ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। নাফ নদীতে বাড়ানো হয়েছে কোস্টগার্ডের নজরদারি।
এর পরেও বুধবার সন্ধ্যায় নতুন করে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বার্মার আরো এক জন বিজিপি সদস্য মোট ৬৪ জন বিজিপি বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে বুধবার বিকেল পর্যন্ত মোট তিন’শ ২৮ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে আত্মরক্ষার জন্য বাংলাদেশে প্রবেশ করেছে।
বাংলা আউটলুকের বিশেষ সংবাদদাতা বান্দরবান লাগোয়া বাজারপাড়া গ্রাম সরেজমিনে দেখেছেন। তিনি জানাচ্ছেন, সুনশান নিরবতা চারদিকে। ছায়াঘেরা পল্লীতে মাঝে মাঝে পাখির কলকাকলী। কোথাও কেউ নেই। নিরব নিস্তব্ধ গ্রাম। নেই মানুষের আলামত। মাঝে মধ্যে বাড়ির ভেতরে হাতে গোনা দু’এক জন পুরুষ লোকের উপস্থিতি টের পাওয়া যায়। তারা আছেন, নিজেদের বাড়ির আসবাবপত্র ও গৃহপালিত পশু-পাখি পাহাড়ায়। পাছে মৃত্যু ভয়ে কুকড়ে আছেন তারাও। এ গ্রামের নারী-শিশুরা ঘর-বাড়ি ছেড়ে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে। কেউ আশ্রয় প্রকল্পে। কেউবা আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়েছেন আশ্রয়। শুধু বাজারপাড়া নয়, এমন পরিস্থিতি আশপাশের অন্তত সাতটি গ্রামে। লোকজন কম, তাই বন্ধ বাজারে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও।
বুধবার সকাল থেকে বান্দরবানের ঘুমধুম, তুমব্রু ও কক্সবাজার উখিয়ার পালংখালী সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন তিনি। কক্সবাজারের টেকনাফ ছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। তবে মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতার জেরে প্রতিদিনের মতো বাসিন্দারে মধ্যে আতঙ্ক ছিল দৃশ্যমান।
তুমব্রু সীমান্ত লাগোয়া বাসিন্দাদের নিরাপদ রাখতে দুইটি আশ্রয়কেন্দ্র খুলেছে বান্দরবান জেলা প্রশাসন। সেখানে ২৪টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়াও স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে আরও প্রায় দেড়’শ পরিবার। বুধবার বিকেলেও কয়েকটি পরিবারকে বাড়ি ছাড়তে দেখাগেছে। তাদের অধিকাংশই একটু দূরে আত্মীয় স্বজনের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন বলে জানান। তাদের বক্তব্য এমন, “কখন মিয়ানমারে আবার অস্থিরতা তৈরি হয়, কখন গুলি, মর্টারশেল উড়ে আসে সেই আতংকে আছি”।
এদিকে, ঘুমধুম ও তুমব্রুসহ নাইক্ষ্যংছড়ি সীমান্তের আতংকগ্রস্থ ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ গত দু’দিন ধরে নিজ বাড়ি-ঘরে ফিরতে পারেননি। মৃত্যু ভয় তাড়া করছে।
এর বাইরে, কয়েক'শ পরিবার রয়েছে; আশপাশের গ্রামে যাদের আত্মীয় স্বজন নেই; শুধু তারাই মৃত্যু ভয় উপেক্ষা করে বাধ্য হয়ে বাড়ি ফিরছেন বলে জানালেন এলাকার বাড়ি পাহারায়রত লোকজন।
বুধবার বিকেল ৫টার দিকে সরেজমিন বাংলা আউটলুক দেখতে পায়, ঘুমধুম সীমান্তের ১৩ গ্রামের অতংকিত লোকজনের জন্যে খোলা ২টি আশ্রয় কেন্দ্রে কোন লোক নেই। এদেও অধিকাংশই বাড়ি ফিরেছেন। আবার কিছু পার্শবর্তী এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও বুধবার সকালে দুই কেন্দ্রে তিনটি পরিবারের ১৩০ জন সদস্যকে আশ্রয় নিতে দেখা গেছে।
একই সময়ে বিকেলে ঘুমধুম সীমান্তের জলপাতলী তুমব্রু পশ্চিমকূল,তুসব্রু বাজারসহ আরো কয়েকটি গ্রামে গিয়ে কোথাও কোনো লোকের দেখা মেলেনি।
তুমব্রু পশ্চিমকূলের ঘুমধুম ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন। বাংলা আউটলুককে তিনি বলেন,“ভয়ে ভয়ে বাড়ি পাহারা দিচ্ছি”। আনোয়ার হোসেনের গ্রামের অন্তত ২ হাজারের অধিক সীমান্তবাসী রয়েছে। তাদের কয়েকজন মাত্র বাড়ি ফিরেছে। বাকীরা আঙ্কে বাড়ি ফিরতে পারছেন না।
তুমব্রু বাজার পাড়ার বাসিন্দা,আবদুল মতলব জানান, তার পাড়ার লোকজন এখনও বাড়ি-ঘরে ফিরতে পারেনি। কারণ পরিস্থিতি থমথমে। তিনি বাড়ি পাহারায় আছেন। একই এলাকার লিটন ধর বলেন, তাদের হিন্দু পাড়ার ১৬ পরিবারের কেউ বাড়ি-ঘরে ফেরেনি। তবে পাহারাদার রয়েছে প্রতিটি পাড়ায়।
একই অবস্থা তুমব্রু মধ্যমপাড়া, উত্তরপাড়া, নয়াপাড়া, মন্ডলপাড়া ও পাহাড়পাড়া বাসিন্দাদের।
পাহাড়পাড়ার বাসিন্দা মোহাম্মদ সৈয়দ নূর। তিনি বলেন, সীমান্ত এলাকা থেকে অন্তত ৩ হাজার লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় কয়েক’শ লোক বাড়ি ফিরেছেন গৃহপালিত পশু, ফসলী ক্ষেতখামার ও বাড়ি ঘর দেখভাল করার জন্য। তিনি অভিযোগ করেন, বাড়িতে মানুষ না থাকায় চোরের উপদ্রব বেড়েগেছে বহুগুন।
এমনই পরিস্থিতি সীমান্ত পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তের এপারে যাতে আর কোন গুলি না আসে তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। এছাড়া আর কোন রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে।
যদিও বিজিবি প্রধানের পরিদর্শনের সময় সকাল ১১টা ৫ মিনিটের দিকে ঘুমধুম সীমান্তের ওপার থেকে ফের বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষনের শব্দ আসে। বিজিবি প্রধান জানালেন, সীমান্ত পরিস্থিতি পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
