ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজ অবৈধভাবে হলে থাকতেন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আবাসিক হলে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান অবৈধভাবে আবাসিক হলে থাকতেন। বিধি-বহির্ভূতভাবে এক বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষ দখল করে অবস্থান করছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজ মীর মশাররফ হোসেন হলের “বি” ব্লকের ২০৫ নম্বর কক্ষে থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদে ছিলেন। তবে ধর্ষণের অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগ থেকে তাকে অব্যাহতি দেয় সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্যমতে, ২০২২ সালের ১০ নভেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর শেষ হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির তত্ত্বীয় পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী, স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে আবাসিক হল ছেড়ে দিতে হয় শিক্ষার্থীদের। তবে এই বিধির বাস্তবায়ন নেই জাহাঙ্গীরনগরে।
ছাত্রত্ব শেষ হওয়ার পরেও বহু ছাত্র অবৈধভাবে হলে থাকছেন। এদের মধ্যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সদস্যদের হলে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা বেশি।
শনিবার রাতে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া মোস্তাফিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলে, শিক্ষক-শিক্ষার্থীরা হলগুলো থেকে অছাত্রদের বের করার দাবি জানান। ধর্ষণে অভিযুক্তদের বিচার নিশ্চিতের পাশাপাশি হল থেকে অছাত্রদের বের করতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাব্বির আলম বলেন, “অছাত্রদের হল থেকে বের করতে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, পদক্ষেপ নিচ্ছি। অতি দ্রুত একে একে সব অছাত্রকে হল থেকে বের করা হবে।”
