Logo
Logo
×

সংবাদ

দোহাই মাননীয় মন্ত্রী, বুকফেটে যাওয়া এমন ‘ভালো কথা’ বলবেন না

Icon

বিশেষ সংবাদদাতা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

দোহাই মাননীয় মন্ত্রী, বুকফেটে যাওয়া এমন ‘ভালো কথা’ বলবেন না

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্তে প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে, এমন বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা বিতর্কের কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে, আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন।’

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদের ধরার জন্য সব রকমের চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি যে যদি ৫০ বছরও সময় লাগে; কিন্তু যারা এই অপরাধ করেছে, খুনটা করেছে, তাদের ধরার জন্য যত সময়ই লাগুক, তাদের আমরা ধরব। আমি এই কথা বলেছি এবং এই কথায় আপনারা মনে করেছেন যে ৫০ বছর সময় লাগবে।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের  মন্ত্রী বলেছিলেন, সাগর-রুনি মামলায় পুলিশ যদি তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দেওয়ানোটা ঠিক? তাদের তদন্তে যত দিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করার জন্য, তাদের ততটুকু সময় দিতে হবে। সেটা যদি ৫০ বছর হয়, ৫০ বছর দিতে হবে।

শুক্রবার এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসল অপরাধীদের ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে যেটা বলা হয়—যে অপরাধী নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথাটা বলেছি। কিন্তু আপনারা গেলেন খেপে। আমি বুঝলাম না, আপনাদের জন্য ভালো কথা বললেও আপনারা খেপেন কেন?’

আনিসুল হক বলেন, ‘আমার কথা হচ্ছে, পুলিশ এখানে চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামিদের এখন পর্যন্ত তারা ধরতে পারছে না। সে জন্যই তদন্তে সময় লাগছে। আপনারা কি চান, তদন্তটা বন্ধ হয়ে যাক? এ কারণে আমি কথাটা বলেছি, এই তদন্ত যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে, তত দিন পর্যন্ত চলবে।’

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

আইনমন্ত্রীর বক্তব্যে আবেগ আর যুক্তি দুটোই আছে। প্রথমে যুক্তির বিষয়টি বলি। তিনি যে বলেছেন, ৫০ বছর লাগতে পারে এটা আসলেই লাগতে পারে। সত্য উদঘাটনে সময় লাগলে তা দিতেই হবে।

এবার আসি মন্ত্রীর বক্তব্যের ‘আবেগ’ অংশে। আনিসুল হক বলেছেন, ‘আমার দুঃখ হয় এই কারণে, আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন।’

আইনমন্ত্রীর আবেগমিশ্রিত এ আক্ষেপটির প্রতি সম্মান রেখেই বলছি, তার এমন আক্ষেপ সাংবাদিকতা পেশায় স্থান পেতে পারে না। সাংবাদিকরা সাগর রুনির বিষয়টি একটি চাঞ্চল্যকর মামলা হিসেবেই বিবেচনা করে প্রশ্ন তোলেন। এমন প্রশ্ন শুধু এ ঘটনার ক্ষেত্রে নয় নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ছয়খুন মামলা, কক্সবাজারের মেজর সিনহা মামলা, রাজধানীর

শাহাজাহানপুরের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও একই ঘটনাস্থলে ক্রসফায়ারে নিহত কলেজ ছাত্রী সামিয়া আফসান প্রীতি হত্যা মামলার ক্ষেত্রেও সাংবাদিকরা করেন। প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া কিংবা ঢাকার যুবলীগ নেতা মিল্কী হত্যার মামলার ক্ষেত্রেও।

মাননীয় আইনমন্ত্রী ন্যায় বিচার নিশ্চিতে, প্রকৃত অপরাধীকে শাস্তি দিতে সময় লাগলে তা তো নিতেই হবে। আপনি বলছেন, ৫০ বছর লাগলে ৫০ বছরই দিতে হবে, আবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুন ৪৮ ঘন্টা সময়ের কথা বলেছিলেন। ৪৮ ঘন্টা ১২ বছর পেরিয়ে গেছে। মানুষের কিই বা করার আছে অপেক্ষা করা ছাড়া। কিন্তু সেই অপেক্ষমাণ মানুষগুলো যদি শুনতে পায় একজন মন্ত্রীই বলেন, ৫০ বছর লাগলে তাই সই, তাহলে ভূক্তভোগী পরিবারগুলো তা নিতে পারেন না, এটা তাদের আবেগকে ক্ষতবিক্ষত করে, তাদের বিচার পাওয়ার আকাঙ্ক্ষার ক্ষেত্রে বড় ধরণের হোচট খাওয়ায়। তাই মাননীয় মন্ত্রী আপনার কথাটা ভাল ধরে নিয়েই বলি, মানুষের বুক ফেটে যায় এমন কথা বলবেন না, ভাল হলেও দোহাই বলবেন না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন