Logo
Logo
×

সংবাদ

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত

সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। কিন্তু এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদফতর। এতে তাপমাত্রা কমে আবারও শীত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এমনকি শৈত্যপ্রবাহের আভাসও দেওয়া হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশের দক্ষিণাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এলাকায় তাপমাত্রা কমে আসবে। তখন শৈত্যপ্রবাহ হতে পারে।

সব মিলিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে তাপমাত্রা কমে ঠান্ডা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পুবালি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। 

হালকা বৃষ্টি হতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার খবরে জানানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন