সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের তদন্ত শুরু করবে বিএনপি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করবে বিএনপি। শনিবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শনিবার সকালে ঢাকা থেকে ফরিদপুর ও খুলনা বিভাগে সরেজমিনে তদন্ত করতে যাবেন। প্রথমে ফরিদপুরে যাবেন তারা। সেখানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবেন এবং প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবেন।
দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
