‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত : মুখপাত্র
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০ পিএম
সেহেলী সাবরিন
বাংলাদেশে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনের বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলী সাবরিন। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ নিয়ে কথা বলেন।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে একতরফা ভাবে সমর্থন দেয় ভারত। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অব্যাহত চাপ উপেক্ষা করে ভারতের এই প্রত্যক্ষ মদদে ক্ষুব্ধ বিরোধী শিবির বর্তমানে ভারতীয় পণ্য বর্জনের এ কর্মসূচী ডাক দেয়। বিষয়টি এখন দুই দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে।
আগামী ৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। এ দফায় সরকার গঠনের পর এটিই হবে ভারতে কোনো মন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে পিপল টু পিপল কানেক্টেভিটির বিষয়ে জোর দেওয়া হবে বলে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান মুখপাত্র সেহেলী সাবরিন।
ওই বৈঠকে বর্তমানে চলমান ‘ইন্ডিয়া আউট’ প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ‘দেখুন সফরটি আগামী ৭ ফেব্রুয়ারিতে। এখনো কয়েকদিন বাকি। এ নিয়ে দুই দেশের কর্তকর্তারা কাজ করছেন। সফরের আগে বা পরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনাদের বিস্তারিত ব্রিফ করেন। উনি আপনাদেরকে জানাবেন।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে বেলজিয়ামে অবস্থান করছেন। সেখান থেকে তার ভারতে যাবার কথা রয়েছে।
