Logo
Logo
×

সংবাদ

পশ্চিমাদের বাগে আনার চেষ্টায় বিরামহীন পররাষ্ট্রমন্ত্রী  

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:২৭ এএম

পশ্চিমাদের বাগে আনার চেষ্টায় বিরামহীন পররাষ্ট্রমন্ত্রী  

পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ ব্রিফিং করছেন

পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকারের বিশেষ এসাইনমেন্ট বাস্তবায়নে জোর তৎপরতা শুরু করেছেন ড. হাছান মাহমুদ। দ্বাদশ নির্বাচন নিয়ে পশ্চিমাদের ঘোর আপত্তি থাকায় সে দিকেই বেশি মনোযোগি তিনি। সে কারণে প্রতিদিনই কোনো না কোনো পশ্চিমা কূটনীতিকের সঙ্গে বৈঠক করছেন তিনি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রী তার রুটিনওয়ার্কে সর্বোচ্চ তৎপরতা চালালেও নির্বাচন নিয়ে পশ্চিমাদের পুরণো মনোভাবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দায়িত্ব পাওয়ার পর গত ১৪ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। ওই মতবিনিময়ে তিনি দাবি করেন, নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই। পশ্চিমা বিশ্বসহ বহু দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে পূর্ব-পশ্চিমের সব রাষ্ট্র আমাদের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।

এরপর ১৭ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও  ইউরোপেীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উভয় রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বললেও নির্বাচন সংক্রান্ত কোনো প্রশ্নেই মুখ খোলেননি। এমনকী বাংলাদেশের নব গঠিত সরকারকে অভিনন্দন জানানোর বিষয়েও কোনো কথা বলেননি তারা। 

পর্যায়ক্রমে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্কসহ পশ্চিমা প্রায় সবগুলো দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ড. হাছান মাহমুম ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রায় ৭ মাস দায়িত্ব পালন করেন। এছাড়া পড়াশুনার সুবাদে তিনি ইউরোপ ঘেঁষা। সে কারণে প্রধানমন্ত্রী তাকে পশ্চিমাদের সঙ্গে অবনতিশীল সম্পর্ক উন্নয়নে বিশেষ দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। 

প্রথম দিন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তারা ধারাবাহিকতায় একের পর এক পশ্চিমা কূটনীতিকদের সৌজন্য বৈঠকের আমন্ত্রণ জানায় মন্ত্রণালয়। 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের প্রত্যক্ষ মদদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরও বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার রক্ষা, বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন ইস্যুতে মতামত প্রকাশ অব্যাহত রেখেছে জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতদের বৈঠকের পরও পূর্বের অবস্থানে কোনো হেরফের হয়নি।  

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, সরকার গঠনের পর পশ্চিমাদের সঙ্গে সরকার সম্পর্ক জোরদারের সর্বোচ্চ চেষ্টা করছে। এক্ষেত্রে নতুন পররাষ্ট্র মন্ত্রী রুটিন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আপাত দৃষ্টিতে সব কিছু স্বাভাবিক বলে মনে হলেও বিষয়টি মোটেও তা নয়। নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের যে আপত্তির যায়গা ছিলো সেখানে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করছেন না অনেকেই। 

এদিকে সোমবার ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলস পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকেও নির্বাচন সংক্রান্ত কোনো ইস্যু আলোচনা হয়নি। পরে সাংবাদিকরা তার কাছে জানতে চান নির্বাচন ইস্যুতে কানাডার যে শক্ত অবস্থান ছিলো সেখান থেকে তারা সরে আসছে কি না- এসময় নিকোলস বলেন, এটি তার দেশের সরকারের ব্যাপার। এ বিষয় নিয়ে কানাডার সরকার অতীতে তাদের অবস্থানের বিষয়ে জানিয়েছে। ভবিষ্যতেও কোনো বক্তব্য থাকলে তা জানাবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন