চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটারি পলিসির মিসম্যাচের কারণে আমরাও ডলার সঙ্কটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরও প্রভাবিত করেছে। এ জন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে।
মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
আজ কী বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে।
তিনি বলেন, সে জন্য বাংলাদেশের সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা কীভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সেসব বিষয়ে কথা হয়েছে।
তার মতে, আমাদের চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু এ দেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। এ দুই কমিটি একসঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আমারা চীন-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছি।
এ সময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, আমাদের সঙ্গে তাদের যেসব সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানে আলাপ হয়েছে।
তিনি বলেন, চীনেরও পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, আমাদেরও আছে। সেসব বিষয়ে কীভাবে অভিজ্ঞতা বিনিময় করা যায় তা নিয়ে কথা হয়েছে।
