Logo
Logo
×

সংবাদ

এবার গাজীপুর বিদ্যুৎকেন্দ্রের চীনা ঋণের কিস্তি দিতে অর্থ বিভাগের সহায়তা চাইলো বিদ্যুৎ বিভাগ

Icon

রশিদ খান

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ পিএম

এবার গাজীপুর বিদ্যুৎকেন্দ্রের চীনা ঋণের কিস্তি দিতে অর্থ বিভাগের সহায়তা চাইলো বিদ্যুৎ বিভাগ

ক্রমবর্ধমান ডলারের সংকটের কারণে এবার গাজীপুরের কোড্ডায় ১৫০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল পাওয়ার প্ল্যান্টের অর্থ পরিশোধের জন্য অর্থ বিভাগের সহায়তা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। রাষ্ট্র মালিকানাধীন বিদ্যুৎ-উৎপাদনকারী বি-আর পাওয়ারজেন লিমিটেডের পক্ষে এই সহায়তা চাওয়া হয়েছে।

সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের কাছে ঢাকা ব্যাংককে ৭৯ লাখ ৩৯ হাজার মার্কিন ডলার সরবরাহ করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করা হয়েছে। কিন্তিু ডলার সংকটের কারণে ঢাকা ব্যাংক ডলার না পাওয়ায় চীনকে ঋণের ১৬তম কিস্তির পরিশোধ করতে পারছে না।

পাবলিক সেক্টরের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ঢাকা ব্যাংকের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না (আইসিবিসি) এবং চীনের এক্সিম ব্যাংকের সাথে সিন্ডিকেটেড ঋণের জন্য ১২৯ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। অর্থ বিভাগ ঋণের বিপরীতে সার্বভৌম গ্যারান্টি দিয়েছে।

সূত্রমতে, কোম্পানিটি ইতিমধ্যেই মোট ২০টি ঋণের কিস্তির মধ্যে ১৫টি কিস্তি পরিশোধ করেছে এবং ১৬তম কিস্তির ক্ষেত্রে শীঘ্রই  ৭৯ লাখ ৩৯ হাজার ৩২৩ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

বি-আর পাওয়ারজেন লিমিটেড কর্তৃপক্ষ সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে, ঋণ কিস্তি সময়মতো পরিশোধ করা না গেলে কোম্পানিকে চীনা ঋণদাতাদের সাথে স্বাক্ষরিত চুক্তির ৫.২ ধারা অনুযায়ী ডিফল্ট সুদ দিতে হবে। তাই কোম্পানির অনুরোধ অনুসারে, বিদ্যুৎ বিভাগ অর্থ বিভাগকে ঋণের কিস্তি সময়মতো পরিশোধের জন্য ডলারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে।

এরই মধ্যে ডলার সংকটের কারণে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বাংলাদেশ-চীনের একটি যৌথ-উদ্যোগের বাংলাদেশী বিদ্যুৎ কোম্পানিকে খেলাপি হিসাবে চিহ্নিত করার চিন্তা করছে। এতে বাংলাদেশের অন্যান্য নতুন মেগা প্রকল্পের অর্থায়নও ঝুঁকিতে পারতে পারে। ফলে বাংলাদেশের নতুন প্রকল্পগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে। এমন কি মুখ থুবড়ে পরতেও পারে।

কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের যুদ্ধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের টান পরেছে। এজন্য অনেক বৈদেশিক ঋণ পরিশোধে বিলম্ব হচ্ছে।

ফলে সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কারের জন্য প্রতিশ্রুতি দিয়ে একটি প্যাকেজের আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে বাধ্য হয়েছিল।

এছাড়া সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপ সত্ত্বেও, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়নি এবং বাংলাদেশ বারবার আইএমএফ দ্বারা নির্ধারিত রিজার্ভ লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দেশের বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসেবে মোট ১ হাজার ৭৭ কোটি ডলারেরও বেশি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর মধ্যে প্রায় ৬৪৪ কোটি ডলার ছাড় হয়েছে। অনুদান হিসেবে এসেছে খুব সামান্য। সিংহভাগই ঋণ। এসব ঋণের সিংহভাগই এসেছে গত দুই দশকে।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন