কারাদণ্ডের বিরুদ্ধে আপিল, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ইউনূস
ঢাকা অফিস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজা বাতিল চেয়ে রোববার আপিল করবেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন চাইবেন তারা।
সংশ্লিষ্ট আপিলের ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার রায় বাতিল ও ২৫ যুক্তিতে তাদের খালাস চেয়ে আপিল করবেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। আপিলের সব প্রস্তুতি চলছে। এসময় ড. ইউনূসসহ অন্যরাও উপস্থিত থাকবেন। বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বাতিল করে এরই মধ্যে দেশে ফিরেছেন তিনি। ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতে তার ও অন্যদের খালাসের আবেদন করা হবে।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের অভিযোগ, শ্রমিকরা এ মামলা করেছে বলা হলেও, প্রকৃতপক্ষে তা করেছে সরকার, তাদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
গ্রামীণ টেলিকমের শ্রমিকদের স্থায়ী না করা, ছুটি নগদায়ন না করা, ৫ শতাংশ লভ্যাংশ না দেওয়ার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায়। শ্রম আইনের দুই ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ড. ইউনূসসহ চারজনের। গত ১ জানুয়ারি এ রায় দেয়া হয়।
তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ড. ইউনূসসহ চার জন। জামিনের সময়সীমার মেয়াদ শেষ হবে ৩১ জানুয়ারি। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।
ড. ইউনূসের এ রায় নিয়ে দেশে-বিদেশে নানা সমালোচনা হচ্ছে। এ মামলাকে হয়রানিমূলক আর ড. ইউনূসকে কারাদণ্ড দেয়ার বিষয়টিকে সাজানো বলে অভিযোগ করা হচ্ছে। বেশ কয়েকজন মার্কিন সিনেটরও এ রায়ের সমালোচনা করেছেন, তারা বলেছেন, বিচারিক প্রক্রিয়ায় ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে, তা বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি আবেদনও জানিয়েছেন ওই সিনেটররা। তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন মার্কিন সিনেটরদের ওই কর্মকাণ্ডের সমালোচনা করে, একে বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের সামিল বলে উল্লেখ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও মার্কিন সিনেটরদের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন সিনেটররা কি চান দেশের বিচারিক কর্মকাণ্ডে সরকার হস্তক্ষেপ করুক। দেশের বিচার বিভাগকে স্বাধীন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করে না।
