এবারের সংসদটা কেমন হয়েছে? আওয়ামী লীগ আহ্লাদে আটখানা, ভাবখানা এমন যে, তারা জগৎসেরা সুষ্ঠু নির্বাচন করে ফেলেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ লড়াইকে নির্বাচনই তো মনে করে না দেশের মানুষ। ভোটারদের জন্য ভোট, কিন্তু সেই ভোটাররাই তো যায়নি কেন্দ্রে। তারপরও এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। অধিবেশনের অপেক্ষায় সংসদ।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৩টি আসনে। তাদের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল- পেয়েছে একটি করে আসন। আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।
আওয়ামী লীগের বাইরে সবচে’ বেশি আসন পেয়েছে স্বতন্ত্র। তারা পেয়েছে ৬২টি আসন। এই ৬২ জনের মধ্যে ৫৯জনই আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে দুজন বাদে সবার দলীয় পদ-পদবি রয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাঁদের আশঙ্কা, সংসদে বিরোধী দলের সঙ্গে থাকলে স্থানীয় রাজনীতিতে নিয়ন্ত্রণ হাতছাড়া হতে পারে। সরকারি দলের সংসদ সদস্যের মতো সুযোগ-সুবিধাও পাবেন না। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত আওয়ামী লীগ নেতারা দলীয় পদ-পদবি হারাতে চান না। এ কারণে তাঁরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তিনি নির্দেশনা দিলে বেশির ভাগ স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগে যোগ দেবেন বলে স্থির করেছেন। এমন অবস্থায় গণভবনের ডাক পেলেন তারা। আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দল হিসেবে জাতীয় পার্টিই সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তেমনটা জানিয়েছেন। এরইমধ্যে দলটি সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জিএম কাদের, বিরোধীদলীয় উপনেতা হিসেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও বিরোধীদলীয় হুইপ হিসেবে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছে।
স্বতন্ত্র এমপিরা রাজনৈতিক দলে বা জোটে যোগদান করতে চাইলে তা আগামী ৩১ জানুয়ারির মধ্যে জানাতে হবে। এ বিষয়ে মতামত জানানোর জন্য সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো নির্দলীয় সংসদ সদস্য আপনার দলে বা জোটে যোগদান করেছেন কি না, অথবা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে অন্য কোনো দলের সঙ্গে আপনার দলে জোট গঠিত হয়েছে কি না; তা ৩১ জানুয়ারি নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।
আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এমন অবস্থায় স্বতন্ত্র সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্যরা সংরক্ষিত নারী আসনের ১০টি পাবেন। সে আসনগুলো কিভাবে দেয়া হবে, আর কাদের দেয়া হবে তা নিয়ে স্বতন্ত্র সদস্যদের মধ্যে কোন ঐকমত্য নেই। সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন বাণিজ্য হতে পারে এমন কথা প্রকাশ্যে-অপ্রকাশ্যে সবাই বলছেন। স্বতন্ত্র হলেও সদস্যদের বেশিরভাগই যেহেতু আওয়ামী লীগের নেতা, তাই তারা যেমন আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থাকতে চান, তেমনি শেখ হাসিনাও তাদের রাশ পুরোপুরি ছেড়ে দেবেন বলে মনে হয় না। অর্থাৎ নিয়ন্ত্রিত সংসদ সদস্য হবেন তারা। আর সেই নিয়ন্ত্রিত সদস্যরাই গণভবনে আমন্ত্রণ পেলেন। গণভবনে কি হয়? কি নির্দেশ আর নির্দেশনা আসে তা জানা যাবে রোববার রাতে।
