ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের নিয়োগ অনুমোদন
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে।
মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এ নিয়োগ অনুমোদন হয়।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে ড. সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে গত বছরের ১ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন ড. সায়মা ওয়াজেদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়ায় সায়মা ওয়াজেদকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড মিটিংয়ে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী তার জন্য নির্ধারিত বক্তব্যে সায়মা ওয়াজেদের এ দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন বাংলাদেশির বিশ্ব স্বাস্থ্য সংস্থার এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্বপ্রাপ্তি ঘটল। এ প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি (সায়মা ওয়াজেদ) অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে ইতিমধ্যে বিশ্বব্যাপী পরিচিত। তার মতো একজন দক্ষ ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তিতে চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে নিশ্চিত অগ্রগতি আসবে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা। তিনি জানেন কীভাবে কাজগুলো করতে হবে। তার এই দায়িত্বপ্রাপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গর্ব অনুভব করছে এবং সায়মা ওয়াজেদের আগামী দিনগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে এই অসামান্য অর্জনে ড. সায়মা ওয়াজেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে সোমবার রাতে ১ ফেব্রুয়ারি থেকে সায়মা ওয়াজেদকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, অটিজম বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব সায়মা ওয়াজেদ এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করে ফ্লোরিডার একাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনার স্বীকৃতি লাভ করেন।
