Logo
Logo
×

সংবাদ

সীমান্তে বিজিবি সদস্য হত্যার বিষয়ে মন্তব্য নেই পররাষ্ট্রমন্ত্রীর 

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:০১ এএম

সীমান্তে বিজিবি সদস্য হত্যার বিষয়ে মন্তব্য নেই পররাষ্ট্রমন্ত্রীর 

 

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী মোহাম্মাদ রইসুদ্দীনের নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে। তবে তিনি এ বিষয়ে এখনই কোনো কথা বলতে চান না বলে সাংবাদিকদের জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন... আমি আজ দুপুরে এসেছি (উগান্ডা থেকে)। আমি ডোমেস্টিক (অভ্যন্তরীণ) কোনো বিষয়ে এখনো মনোযোগ দিতে পারিনি। অবশ্যই এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থাকে। সেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে। এ বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না।’

এর আগে মঙ্গলবার দুপুরে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সীমান্তে বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় সাংবাদিকরা প্রশ্ন করলে নৌ প্রতিমন্ত্রী বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন। তবে ভারতের হাইকমিশনার এ বিষয়ে কোনো কথা বলেননি।

নিহত সিপাহি মোহাম্মদ রইসুদ্দীনের মরদেহ এখনো ভারতে রয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

সোমবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি সদস্য নিহতের খবর জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল দল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলে পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানা যায়, সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। তখন জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সিপাহি মৃত্যুবরণ করেছেন।

তবে স্থানীয় লোকজন  দেওয়া তথ্যের সঙ্গে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তির মিল নেই। স্থানীয়রা জানিয়েছেন, ভারতের বনগাঁ মহাকুমার সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত দিয়ে সোমবার ভোরে গরু পাচার করছিল চোরাকারবারিরা। এ সময় চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বিএসএফ সদস্যরা। ঘটনাস্থলে থাকা বিজিবির সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন। 

রইস উদ্দীন নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। স্থানীয়দের অভিযোগ, পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। পরে আহত অবস্থায় তাঁকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন