Logo
Logo
×

সংবাদ

সহসা গ্যাস সংকট কাটার সম্ভাবনা নেই

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০২:১৯ এএম

সহসা গ্যাস সংকট কাটার সম্ভাবনা নেই

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলছে চরম গ্যাস সংকট। রাজধানী ঢাকায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের বাসা-বাড়িতে গ্যাসের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক পরিবারই রান্নার জন্য বিকল্প পন্থা অবলম্বন করতে বাধ্য হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বাংলা আউটলুক সরেজমিন অনুসন্ধান করে বাসিন্দাদের দুর্ভোগ তুলে আনার চেষ্টা করেছে।

রাজধানীর জনবসতিপূর্ণ এলাকা মেরুল বাড্ডা। আনন্দনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন শরিফুল ইসলাম। ন্যশনাল আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে আম্মান আর স্ত্রী আয়শাকে নিয়েই তার সংসার। সকাল ৭টায় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় স্ত্রী আয়শাকে। এর আগে নাস্তা তৈরিসহ বাসার রান্নার কাজ সারতে হয় তাকেই। কিন্তু প্রায় মাসখানেক ধরে সকালে লাইনে গ্যাস না থাকায় রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে হয় শরিফুলের পরিবারকে। গলির মুখে বাচ্চু শেখের রেস্টুরেন্টেও সকাল থেকেই গ্যাসের সরবরাহ থাকে না। সিলিন্ডারের ওপরই ভরসা করে তারা। 

মিরপুরের টোলারবাগের বাসিন্দা রেহানা বেগম জানালেন, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত লাইনে গ্যাস থাকে না। বাধ্য হয়ে রাত ১২টার পর রান্না করতে হচ্ছে। দিনে অল্প পরিমান রান্না করেন, তাও সিলিন্ডার গ্যাসের মাধ্যমে। এছাড়া তিনি বাড়ির ছাদে মাটির চুলা বসিয়েছেন কাঠ দিয়ে রান্না করার জন্য।

রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা বশির মিয়া বাংলা আউটলুককে বলেন, গ্যাস সংকটে চুলা জ্বলে না। বিকল্প পদ্ধতি নিতে হচ্ছে। অতিরিক্ত অর্থও গুনতে হচ্ছে। সারা বছরই সংকট থাকে, শীত এলে সংকট প্রকট আকার ধারণ করে। বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, ইলেকট্রিক চুলা ও লাকড়ির চুলা ব্যবহার করতে হচ্ছে, বলেন বশির।

মুগদা এলাকার বাসিন্দা রহিমা বেগম। তিনি জানালেন, লাইনের গ্যাস না থাকায়, প্রতি মাসে বাড়তি বারোশ’ থেকে দেড় হাজার টাকা বিদ্যুৎ বিল বেশি দিতে হচ্ছে। আবার তিতাসকেও বিল দিতে হচ্ছে।

তিতাসের পাশাপাশি এলপিজি সংযোগও নিতে বাধ্য হচ্ছেন অনেক গ্রাহক। পেট্রোল পাম্পে গ্যাসের চাপ না থাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে প্রতিদিন। একটি গাড়ির গ্যাস নিতে কমপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টা লাগছে। গ্যাস সংকটে ঢাকার রাস্তায় হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে মাঝে মধ্যেই। চরম গ্যাস সংকটের প্রধান কারণ চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক ফারাক।

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। সরবরাহ রয়েছে ২৫০ কোটি ঘনফুট। সেই হিসেবে প্রতিদিন সরবরাহ ঘাটতি ১৩০ কোটি ঘনফুট।

পেট্রোবাংলার তথ্যে দেখা গেছে, ২০২০ সালের এপ্রিলের পর এবারই দেশে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন। এই সরবরাহ ২০২১ সালের শেষ ছয় মাসের থেকেও কম। সে সময় ডলারের অভাবে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানি বন্ধ ছিল। এলএনজির দামও তখন ছিল আকাশছোঁয়া।

তিতাস’র উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বাংলা আউটলুককে জানান, প্রতিদিন ৩০০ কোটি ঘনফুট সরবরাহ থাকলেও এমন সংকট হতো না। আর শীতকালে এমনিতেই গ্যাসের সরবরাহ কমে যায় বলে জানান তিনি। চাইলেই সমস্যার সমাধান করা সম্ভব না। 

তিতাসের জনসংযোগের ব্যবস্থাপক মো. আল আমীন আউটলুককে বলেন, এই মুহূর্তে একটি এলএনজি টার্মিনালের সংস্কার কাজ চলছে। এ কারণে সরবরাহ ঘাটতি আছে। আর পেট্রোবাংলা সরবরাহ কমিয়ে দিয়েছে। এ কারণেই ঢাকাসহ তিতাসের সরবরাহ এলাকায় গ্যাসের ঘাটতি আছে। আগামী দু’এক দিনের মধ্যেই সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে, পুরোপুরি ঘাটতি সহসাই কাটবে এমন নিশ্চয়তা  দেওয়া যাচ্ছে না বলে জানান আল আমীন।

এদিকে, গ্যাস সংকটের কারণে অনেক শিল্প-কারখানা দিনে বন্ধ রাখতে হচ্ছে। গাজীপুর, সাভার, কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ সারা দেশের শিল্পাঞ্চলে চলছে সংকট। শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে, পেট্রোবাংলার লোকেরা ফোনও ধরেন না।

ডলার সংকটের সাথে গ্যাসের এমন সংকট চলতে থাকলে এই শিল্প বিপর্যয়ে পড়বে। গ্যাসের সংকট আগে এত তীব্র ছিল না; ডিসেম্বরের শেষ থেকেই সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে সংকট চরমে পোঁছেছে।

স্থানীয় গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন কমে যাওয়ার কথা স্বীকার করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। বাংলা আউটলুককে তিনি বলেন, উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছি। আমাদের ২০২৬ সালের মধ্যে প্রায় ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের কাজ চলছে। এখন যে সংকট চলছে সেটি কিছুদিনের মধ্যে সমাধান হবে। সেটা কত দিন, সঠিকভাবে বলা সম্ভব না।

আমদানিকৃত গ্যাস সরবরাহে দেশে দুটি রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) আছে। গত নভেম্বর মাসে একটি ইউনিট সংস্কারের জন্য পাঠানো হয়। যে কারণে গ্যাসের সংকট বেড়েছে। সংস্কার শেষ হওয়ার দুই-একদিনের মধ্যেই ইউনিটটি গ্যাস সরবরাহ শুরু করবে। অন্য এফএসআরইউ’টিও সংস্কার কাজের জন্য পাঠানো হবে এবং মার্চ মাস পর্যন্ত সংস্কার কাজও চলবে বলে জানিয়েছে পেট্রো বাংলা।

এই দু’টি ইউনিট চালু থাকলে প্রতিদিন প্রায় ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়। বর্তমানে একটি ইউনিট প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। অর্থাৎ দ্বিতীয় ইউনিটটি চালু হলেও গ্যাস সরবরাহ বাড়বে না।

নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি মনসুর আহমেদ বাংলা আউটলুককে বলেন, বন্ধের দিনে গ্যাসের চাপ ভালো থাকলেও অন্য দিন চাপ কম থাকে। ফলে উৎপাদন কমে যাচ্ছে।

তিতাস নারায়ণগঞ্জের উপমহাব্যবস্থাপক মামুনার রশিদ বলেন, গ্যাসের সরবরাহ বাড়েনি, বাড়বেও না সহসাই।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, ঋণ করে জ্বালানি কিনছে সরকার। এটি সংকট নিরসনে কোনো সমাধান হতে পারে না। দেশীয় গ্যাস উত্তোলন ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, গ্রাহক গ্যাস পাচ্ছে না, বিল কিন্তু দিতেই হচ্ছে। আবার লুটপাট করতেই প্রি-পেইড মিটার দিতে অনীহা দেখাচ্ছে তিতাস কর্তৃপক্ষ। কোথাও কোনো সিস্টেম নেই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন