Logo
Logo
×

সংবাদ

কারখানা থেকে রান্নাঘর, গ্যাসের জন্য হাহাকার

Icon

মেসবাহ শিমুল

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

কারখানা থেকে রান্নাঘর, গ্যাসের জন্য হাহাকার

রাজধানীর সিপাহীবাগের বাসিন্দা কাওসার আহমেদ। তিন জনের ছোট্ট পরিবারের এখন সবচেয়ে বড় সঙ্কট সময় মতো তিন বেলা খাওয়া। গত কয়েক মাস যাবত খাবার-দাবারে অনিয়ম। সারাদিনে গ্যাসের যে চাপ তাতে ভাত রান্নাতো দূরের কথা ডিম ভাজি করাই দায়। যে কারনে প্রতিদিন মধ্যরাতেই সারতে হচ্ছে রান্নার কাজ। এতে করে পরিবারের সদস্যদের ঘুমের সমস্যা হচ্ছে। যার প্রভাব পড়ছে দৈনন্দিন কাজকর্মে। গত বেশ ক’মাস ধরে গ্যাস সঙ্কটের কারণে কাওসারের মতো দশা পুরো রাজধানীবাসীর। খোঁজ নিয়ে জানা গেছে কেবল রাজধানীবাসীই নয় শীত মৌসুমে গ্যাস বিপর্য়য় ঘটেছে ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলেও। 

জানা গেছে, দেশে দিনে গ্যাসের চাহিদা রয়েছে প্রায় ৪ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। বিপুল পরিমাণ এ ঘাটতির কারণে শিল্প-কারখানার উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ কমেছে। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানি দিয়ে কারখানা সচল রাখতে গিয়ে উৎপাদন ব্যয় বাড়ছে। 

গত বছর সরকার নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার কথা বলে গ্যাসের দাম বাড়ায়। অন্যদিকে উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মঘণ্টা সীমিত হওয়ায় তাদের আয়ও কমেছে। একারণে অনেক শিল্পকারখানার মালিকরা ঠিকমতো শ্রমিকদের বেতন দিতে পারছেন না। গ্যাস সংকটের কারণে এখন রাজধানীর বিভিন্ন জায়গায় চুলা জ্বলছে না। একই পরিস্থিতি শিল্পে। গ্যাসের অভাবে স্বাভাবিক সময়ের মতো কারখানা চালানো যাচ্ছে না, কমছে শিল্পের উৎপাদন। পরিবহন খাতও ভুগছে গ্যাস সংকটে। কিন্তু এখন গ্যাস পাচ্ছি না। কারখানার উৎপাদন অনেক কমে গেছে। 

এ ছাড়া ঢাকা, সাভার, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহসহ অন্যান্য এলাকার বিভিন্ন কারখানাতেও ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রতিবছর শীতকালে রাজধানীসহ আশপাশের জেলা গুলোতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। এ বছরও গ্যাস সংকটের কারণে রাজধানীর কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম, কোথাও সারাদিন চুলা জ্বলে মিটমিট করে, আবার কোথাও জ্বলছেই না চুলা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা। গ্যাস সরবরাহ কম থাকার কারণে নিয়মিত গ্যাসের চাপ কম থাকছে, মোহাম্মদপুর, কামরাঙ্গীচর, মহাখালী, পল্লবী, কাফরুল, শেওড়াপাড়া, মিরপুর-১০, রায়েরবাগ, ভূতের গলি, গ্রিনরোড, কলাবাগান, কাঁঠালবাগান, মগবাজার, বাসাবো, আরামবাগ, লালবাগ, যাত্রাবাড়ী, পোস্তগোলা, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও মুগদাসহ উত্তরার বিভিন্ন এলাকায়। এসব এলাকায় গ্যাসের সংকট চলছে প্রতিদিনই। এদিকে গ্যাস সঙ্কটের কারনে ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা। 
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্ জানান, গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম আছে। সাধারণত শীতে গ্যাসের চাহিদা বেশিই থাকে। এলএনজির একটা টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ কমে গিয়েছিল। তবে আমরা তা বাড়ানোর চেষ্টায় কাজ করছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী বলেন, কোথাও ৬ ঘণ্টা, কোথাও ১২ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকছে কারখানা। বাকি সময়েও গ্যাসের চাপ কম থাকছে। এতে উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে। কারখানায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার অনুরোধ জানিয়ে গত ৫ ডিসেম্বর পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএ। 

তিতাস সূত্রে জানা গেছে, বর্তমানে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ সংখ্যা প্রায় ২৮ লাখ ৫৮ হাজার। এছাড়া, বাণিজ্যিক সংযোগ প্রায় ১২ হাজারের মতো। যার মধ্যে প্রায় ১৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেখানেও সরবরাহ হচ্ছে, ফলে ঘাটতি থেকেই যাচ্ছে। যে কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন গ্যাস সংকট দেখা যাচ্ছে। আপাতত গ্যাসের সরবরাহ বাড়ানোর কোনো উপায় তাদের হাতে নেই। আগামী ২০২৬ সাল নাগাদ ৪৬টি কূপ খনন ও সংস্কারের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে সফল হলে ৬১৮ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস পাওয়া যেতে পারে। 

পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটা কূপে গ্যাসের সন্ধানও মিলেছে। পাশাপাশি আরও এলএনজি আমদানির জন্য সরকার যে চুক্তি করেছে তাতেও ২০২৬ সালের আগে নতুন গ্যাস আমদানির কোনো সুযোগ নেই। ২০২৬ সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে আশঙ্কার বয়েছে একাধিক কর্মকর্তা এ তথ্য জানান। 

তারা বলেন, পরিকল্পনা অনুযায়ী কূপ খনন ও সংস্কার করে কাঙ্খিত গ্যাস পাওয়া যাবে কি না, সেটা এখনই বলা মুশকিল। তাছাড়া নতুন করে উচ্চমূল্যের এলএনজি আমদানি করতে যে বিপুল পরিমাণ ডলার দরকার সেটি জোগাড় করা না গেলে আমদানি ব্যাহত হবে। এ সময়ে দেশের পুরনো কূপ থেকে গ্যাসের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি চাহিদাও বেড়ে যেতে পারে। ফলে চলমান সংকট কতটা দূর হবে তা নিয়ে সংশয় রয়েছে। নারায়ণগঞ্জের ৫৬৭টি পোশাক ও ডায়িং কারখানা পৌনে দুই মাস ধরে গ্যাস সংকটে ভুগছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাস সংকট এখন চরমে। তিতাস বা সরকার কোন বিবেচনায় একটা জোনের টোটাল গ্যাস বন্ধ করে দিয়ে বিদ্যুৎকেন্দ্র আর সার কারখানায় দিচ্ছে সেটা বোধগম্য নয়। পুরো নারায়ণগঞ্জ জোনে গ্যাস বন্ধ। ২৪ ঘণ্টায় আমরা গ্যাস পাচ্ছি না। গত সপ্তাহে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছি। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক হোসেন মেহমুদ বলেন, যেদিন ২২ ঘণ্টা পর্যন্ত গ্যাস পাওয়া যায় না। গ্যাস থাকলেও এর চাপ এতই কম থাকে, যা দিয়ে উৎপাদন করা যায় না। এতে পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। অপচয় পরিমাণও বেড়ে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে। 

বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্ত বলেন, চাহিদার তুলনায় আমরা ৬০ শতাংশের মতো গ্যাস পাচ্ছি। বাকি চাহিদা মেটাতে ফার্নেস অয়েল এবং ডিজেল মিশ্রণ করে উৎপাদন ঠিক রাখতে হচ্ছে। গ্যাসের দাম ৩০ টাকা, সেখানে তেলের দাম ১০৫ টাকা। এ কারণে অনেক ব্যয় বেড়ে গেছে।

রাজধানীর মিরপুর এলাকার ব্যাংক কর্মকর্তা আয়শা আক্তার বলেন, শীত আসার পর থেকে ঠিকমতো দিনের বেলায় রান্না হয় না, যা রান্না করার রান্না করতে হয় রাতে, সেগুলোই আমরা সারাদিনে খাই। রাত ১২টার পরে গ্যাস আসে। ৩টার দিকের উঠে রান্নার কাজ সেরে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর অফিসে আসি। এতে ঘুমের সমস্যা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন