গত ৭ জানুয়ারির বিতর্কিত ও একপেশে নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা এবং সমর্থন করার অভিযোগ এনে দেশের মানুষকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন প্যারিসে নির্বাসিত ও আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি ভারত ভ্রমণ পরিহারেরও ডাক দিয়েছেন।
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে পিনাকী বলেন, ‘আমরা ১৮ কোটি জনগণ, আমরা কিনতে পারি, আমরা ক্রেতা আমাদের কেনার শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে, সে আর্থিকভাবে শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে, সে হাসিনাকে সাপোর্ট করিচ্ছে, আমাগির টাকা নিয়া হাসিনাকে সাপোর্ট করি। আমরা আজ থিকা, এই মুহূর্ত থিকা, ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম। আমরা মুক্তি না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, রক্ত দিতে হবে না, জেলে যাইতে হবে না, শান্তিপূর্ণ বয়কট ইন্ডিয়া মাইনকে চিপা পড়বে শুধু আও আও করবে, কিছু বলবার পারবে না।’
এভাবে বগুড়ার আঞ্চলিক ভাষায় ‘ইন্ডিয়া বয়কটের’ ঘোষণা দেন পিনাকী ভট্টাচার্য। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দমন, নিপীড়ন, অসঙ্গতি ও অনিয়ম নিয়ে নিয়মিত ভিডিও করে থাকেন। ২০১৮ সালের নির্বাচনের পর সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন পিনাকী।
শুরুতে ফেসবুকে লেখালেখি করলেও পরে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ শুরু করেন।
‘হোক পাল্টা আঘাত’ শিরোনামে বুধবারের ভিডিওতে পিনাকী ভট্টচার্য ভারতের সঙ্গে আওয়ামী লীগে সম্পর্ক নিয়ে সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের দল। এ আওয়ামী লীগ গর্বভরে প্রচার করছে বাংলাদেশ ভারতের চতুর্থ বৃহত্তম বাজার হবে। মানে ভারত বাংলাদেশের রপ্তানি বাজার হবে না। বাংলাদেশ হবে ভারতের রপ্তানি বাজার। আর এটা বাংলাদেশের একটা রাজনৈতিক দল বলছে। এটা বলেছে ভুল। আমরা এখনই চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার ভারতের। আমরা তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার হব ভারতের। ভারত বাংলাদেশে ২০২১-২২ অর্থ বছরে ১৪.৫৮ বিলিয়ন ডলার রপ্তানি করেছে, বিপরীতে বাংলাদেশ ভারতে মাত্র ১.৮ বিলিয়ন ডলার রপ্তানি করে। অর্থাৎ ভারত এখানে তাদের পণ্য বিক্রি করে বছরে ১৩ বিলিয়ন টাকা নিয়ে যায়। এ ছাড়া করোনার আগে ২০১৯ সালে ভারত বাংলাদেশিদের থেকে ট্যুরিজমে ৩০ বিলিয়ন ডলার আয় করেছে।
ভিডিও বার্তায় পিনাকী ভারতীয় সব পণ্য, ভারতী টিভি চ্যানেল, পত্রিকা বর্জনের ডাক দেন। ভারতে ভ্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। বাতিঘরসহ আজিজ সুপার মার্কেটের বিভিন্ন বইয়ের দোকান থেকে ভারতীয় বই-পুস্তক নামিয়ে ফেলার কথা বলেন তিনি।
পিনাকী বলেন, ‘ইন্ডিয়া যাবেন না, চিকিৎসা করাতে হলে ব্যাংকক-সিঙ্গাপুর যান, বেড়াবারও যাবেন না, ম্যালা জায়গা আছে। ভুটান যান, নেপাল যান শ্রীলংকা যান।’
ভিডিওতে শেষের দিকে তিনি বাংলাদেশের বাজারে সহজলভ্য বিভিন্ন ভারতীয় পণ্যের তালিকা তুলে ধরেন। যেমন ভারতীয় ডাবর কোম্পানির ভাটিকা, হিমালয়া, এশিয়ান পেইন্ট, ফেভিকল, কোলগেট দাতের মাঁজন, জেটাক, নটরাজ পেন্সিল, রেমন্ড কাপড়-চোপড়, আল্ট্রাটেক সিমেন্ট, উজালার পণ্য।
এ ছাড়া ভারতীয় পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, ডালডা বনস্পতি, প্যারাসুট নারিকেল তেল, হিরো, এটলাস ইন্ডিয়ান সাইকেল, ইন্ডিয়ান শাড়ী, জামা, সালওয়ার, কামিজ, সানফার্মার ওষুধ না কেনার কথা বলেন।
সবশেষ পিনাকী বলেন, ‘মাস তিনেকের মধ্যে বাংলাদেশে ভারতের রপ্তানী অর্ধেক করে দিতে পারি তাহলে ওরা আমাদের কাছে আসবে। আওয়ামী লীগকে ছেড়ে পালাবে। ওদের আমরা ভাতে মারব, ওরা আমাদের স্বাধীনতায়, আমাদের অধিকারে, আমাদের মর্যাদায় লাথি দিছে, এখন ওদের পেটে লাথি দিব আমরা, ওদের পেটে লাথি দেওয়া এখন জায়েজ। আমরা এতদিন পড়ে পড়ে মাইর খাইছি, এখন মাইর দেওয়ার পালা, শুরু হোক আজকে থেকেই বয়কট ইন্ডিয়া।’
বুধবারের ভিডিওটি সম্পর্কে পিনাকি ভট্টচার্যের সঙ্গে বাংলা আউটলুকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকে আছে নরেন্দ্র মোদির প্রত্যক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনে। আমরা ভারতীয় পণ্য কিনে ভারতীয় শাসকদের শক্তিশালী করে তুলি, আর সেই শক্তি ব্যবহার করে ভারত আমাদের ন্যূনতম নাগরিক অধিকার, মানবাধিকার কেড়ে নিয়ে অবৈধ শাসকদের টিকিয়ে রাখে। এ অবস্থা চলতে পারে না।
তিনি বলেন, ভারত মনে করে, বাংলাদেশকে দাস বানিয়ে রাখলে ভারত নিরাপদ থাকবে। মানুষের মর্যাদায় আঘাত লাগলে সে প্রতিরোধ করবেই। যেই দেশের শীর্ষ নেতা আমাদের উইপোকার সাথে তুলনা করে, তাদের তো আমাদের দেশে কিছু বেচতে আসাই উচিত না। ভারত নিয়ম করে সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করে, শুধু তাই না কাঁটাতারে ঝুলিয়ে রাখে। আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদের নদীগুলোর উৎসে বাঁধ দিয়ে শুকিয়ে দিয়েছে নদীগুলো, চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার। আমরা মানুষ, জন্তু না। আমাদের মর্যাদার জীবনের ওপরে যারা আঘাত করবে, তাদের আমরা এভাবে পালটা আঘাত করব। দরকার হলে ঘাস খেয়ে থাকব, তাও দাসত্বের জীবন বেছে নেব না।
উল্লেখ্য, মানবাধিকার লংঘন, ভোটাধিকার হরণ, দমন, নিপীড়নসহ নানা কারণে বিতর্কিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নিয়মিত লেখালেখি ও ভিডিও প্রকাশের কারণে বিরোধী মতের সমর্থকদের মধ্যে পিনাকী ভট্টাচার্য বিপুল পরিমাণে জনপ্রিয়। তবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কয়েক বছর আগে পিনাকী ভট্টাচার্যসহ বিদেশে অবস্থানকারী কয়েকজনকে ‘তথ্য সন্ত্রাসী’ বলে উল্লেখ করা হয়।
