শীতের দাপট থাকবে জানুয়ারিজুড়ে
শীতের দাপট থাকবে জানুয়ারিজুড়ে
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
শীতের দাপট থাকবে জানুয়ারিজুড়ে
কনকনে শীতে কাবু সারা দেশ। সঙ্গে ঘন কুয়াশা পরিবেশ করেছে আরো শান্ত। শীতের এমন দাপট পুরো জানুয়ারিজুড়েই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ঘন কুয়াশা থাকতে পারে আগামী এক সপ্তাহ।
বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ও সিরাজগঞ্জে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সীতাকুণ্ড, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, বান্দরবান ও শ্রীমঙ্গলে মৃদু শৈতপ্রবাহ চলছে। মধ্য রাত থেকে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের কোনো কোনো এলাকায় হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসময় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, দেশের সব অঞ্চলেই কুয়াশা রয়েছে।
এদিকে, খুলনা বিভাগে আকাশে মেঘ থাকায় কুয়াশা কিছুটা কম। যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় কুয়াশা কিছুটা কমবে। উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে শীতল হাওয়া বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এ মাসের ২৩ তারিখ পর্যন্ত কুয়াশা বিভিন্ন জায়গায় থাকবে। আর যেহতু আগামী কাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা আছে, যেসব অঞ্চলে বৃষ্টি হবে সেসব অঞ্চলে কুয়াশা কমে যাবে। দেশের অন্যান্য অঞ্চলে কুয়াশা থাকবে। আর পুরো জানুয়ারি মাসেই আমরা শীতের এ পরিস্থিতি দেখতে পাব।
ঘন কুয়াশায় টানা ১২ দিন ধরে সূর্যের দেখা মিলছে না ঠাকুরগাঁওয়ে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না মানুষ।
দিনাজপুরে বেলা বাড়ার সাথে সাথে কমছে তাপমাত্রা, বাড়ছে কুয়াশাও। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
মাঘের শুরুতেই রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। এতে জনজীবনে বিরুপ প্রভাবের পাশাপাশি ক্ষতিকর প্রভাব পড়েছে কৃষিতে। বিভাগের আট জেলাতেই তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে। ভোরের ঘন কুয়াশা, সঙ্গে ঠান্ডা হাওয়া, এক সপ্তাহের বেশি দেখা নেই সূর্যের। এর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে।
