দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের কঠোর অবস্থানে চাপে পড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা কড়া বার্তা দিয়েছে। জাতিসংঘসহ পশ্চিমাদের এমন কঠোর মনোভাব পরিবর্তন না হওয়ার বিষয়টিকে দেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গভীর চাপ অনুভব করছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় রবিবার প্রথম দিন অফিসে এসে নয়া পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রথম বৈঠকেই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। মন্ত্রি পরিষদ গঠিত হওয়ার পরও এসব দেশ ও সংস্থার পক্ষ থেকে অভিনন্দন বার্তা না আসার বিষয়টিও উঠে আসে ওই বৈঠকে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ড. হাছান মাহমুদ মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ঢাকাস্থ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের অংশ গ্রহণের বিষয়টি জানালেও তাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এমনটি দাবি করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নির্বাচনের বেশ আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে ঢাকার দূরত্ব সৃষ্টি হয়। নির্বাচন নিয়ে তাদের যে আকঙ্খা ছিলো সেটি পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে ঢাকাকে তারা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এটি এখন একটি চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্র দপ্তর থেকে এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সোমবার সেগুনবাগিচার পররাষ্ট্র দপ্তরে আসেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় নতুন পররাষ্ট্র মন্ত্রীকে তিনি ভারত সফরের আমন্ত্রণ জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সফর হবে দিল্লি। দুই দেশের কর্মকর্তারা আলোচনা করে সময় নির্ধারণ করেবেন।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটি ছিলো। পররাষ্ট্র মন্ত্রীর প্রথম দিল্লি সফরের মানেই হলো পশ্চিমা চাপ মোকাবিলায় নতুন কোনো পথ খুঁজে বের করা। সে কারনে দিল্লি সফর খুব অল্প সময়ের মধ্যেই হতে পারে বলে অনেকে মনে করেন।
এদিকে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অব্যাহত ভাবে চাপ দেওয়া হলেও নির্বাচনের পর কার্যত যুক্তরাষ্ট্রের কোনো তৎপরতা চোখে পড়েনি। তাদের এই রহস্যজনক নীরবতাও ভাবিয়ে তুলছে সরকারকে।
পররাষ্ট্র দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, নির্বাচনকে ইস্যু করে যুক্তরাষ্ট্র যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে এমনটি ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন পররাষ্ট্র মন্ত্রীও সে আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট ডেস্কের পাশাপাশি পুরো মন্ত্রণালয় বিষয়টির সতর্ক দৃষ্টি রাখছে। বিশেষ কিছু দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও সেভাবে বার্তা পৌঁছানো হয়েছে বলে জানায় ওই সূত্রটি।
