জ্বালানি বিভাগ থেকে বাদ পড়ায় মনক্ষুণ্ন নসরুল হামিদ। নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর তাকে শুধু বিদ্যুৎ বিভাগ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। দীর্ঘদিন মন্ত্রী থাকার সুবাদে জ্বালানি খাতে সাম্রাজ্য গড়ে তুলেছেন নসরুল হামিদ। এখন এ বিভাগের দায়িত্ব থেকে বাদ পড়ায় জ্বালানি ব্যবসা থেকে তিনি ছিটকে পড়তে পারেন। নসরুল হামিদ বিষয়টা মানতে পারছে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছে আবদার করছেন তাকে যেন এ দপ্তর ফিরিয়ে দেওয়া হয়।
অভিযোগ আছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা বিদেশী এলএনজি কোম্পানির স্থানীয় এজেন্ট জ্বালানি প্রতিমন্ত্রীর আত্মীয়। তার মাধ্যমে নসরুল হামিদই এ ব্যবসা পরিচালনা করেন। স্পট মার্কেট থেকে বাংলাদেশ সরকার নসরুল হামিদের এ কোম্পানির মাধ্যমে এলএনজি কিনে থাকে। এছাড়া গ্যাস প্রিপেইড মিটারের ফুলেফেঁপে ওঠা ব্যবসাও তার দখলে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দীর্ঘ মন্ত্রীত্বের সময়ে নসরুল হামিদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক ব্যবসা বেসরকারি কোম্পানি সামিট, বসুন্ধরার হাতে তুলে দিয়েছেন। তার তত্ত্বাবধানেই ক্যাপাসিটি চার্জ নেওয়ার মাধ্যমে বেসরকারি রেন্টাল পাওয়ার প্লান্টের ব্যবসা জেঁকে বসেছে। তার সময়েই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এমন কি এনার্জি রেগুলেটারি কমিশনকে পাশ কাটিয়ে তার সময়েই গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বার বার বাড়িয়ে দেশের মানুষের আর্থিক দুর্ভোগ বাড়িয়ে দেওয়া হয়েছে।
জাতীয় সংসদে পঞ্চমবার জিতে আসা নসরুল হামিদের সময়েই দুই বছর আগে আদানি পাওয়ার লিমিটেডের সাথে অতিরিক্ত দামে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছে বাংলাদেশ । ভারতের মোদি সরকারের ঘনিষ্ট গৌতম আদানি প্রতিষ্ঠিত ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ১ দশমিক ৭ বিলিয়ান ডলারে স্থাপিত গোড্ডা প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করে বাংলাদেশ সরকার। গত বছর জুন মাস থেকেই আদানি পাওয়ার লিমিটেড থেকে প্রতিদিনই বিদ্যুৎ কিনছে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ।
বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট ৬২ শতাংশের মতো পূরণ করা হয় গ্যাসের মাধ্যমে। এর মধ্যে স্থানীয় আবিষ্কৃত গ্যাসের মজুদের মাধ্যমে পূরণ হয় ৫০ শতাংশের বেশি। আর এলএনজির মাধ্যমে পূরণ হয় সাড়ে ১১ শতাংশ। এই এলিএনজি আন্তর্জাতিক স্পট মার্কেটে ৩২টি বহুজাতিক কোম্পানি থেকে কেনা হয়, এর মধ্যে বেশিরভাগ কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক।
ঢাকা-৩ আসন থেকে নবম জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর নসরুল হামিদ প্রথমবারের মত সংসদ সদস্য হন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে তিনি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে টানা দুইবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের ১১ জানুয়ারি, নবগঠিত সরকারের বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
