বাংলাদেশ উত্তর কোরিয়া-কম্বোডিয়া-চাইনিজ মডেলে ঢুকে পড়েছে! পুরো পরিস্থিতির জন্য ভারত দায়ী : তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ এএম
“বাংলাদেশ সরকার নিজের বিরুদ্ধেই কাজ করছে” যুক্তরাষ্ট্রভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিন এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমন মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের সমর্থন জানিয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর নির্বাহী পরিচালক ও জনপ্রিয় টক’শো তৃতীয় মাত্রার উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান বলেছেন, যে নির্বাচন হয়েছে, তা কোনো নির্বাচন নয়, প্রহসন হয়েছে। এটি বাংলাদেশকে একটি খাঁদের কিনারে ঠেলে দিয়েছে।
চলতি বছরের ১৩ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব পেইজে বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে আকাঙ্খা নিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছে, স্বাধীনতার যে অঙ্গিকার, বাংলাদেশ সেখান থেকে দূরে সরে যেতে পারে না। বাংলাদেশের লক্ষ্য কোটি মানুষ গণতন্ত্র চায়।
তিনি বলেন, গণতন্ত্রের সাথে অর্থনীতির একটা নিবিড় সম্পর্ক আছে। সামাজিক উন্নয়নের নিবিড় সম্পর্ক আছে। গণতন্ত্রের সাথে আত্মমর্যাদার একটা সম্পর্ক আছে।
তাছাড়া, বাংলদেশ এখন যে গ্লোবাল ভিলেজে আছে, বহিঃশক্তির সাথে যে সম্পর্ক তৈরী হয়েছে। বাংলাদেশ এখন যে পথে হাটছে, সেই শক্তিগুলো তাদের সাহায্য সহযোগীতা সমর্থন অব্যহত রাখবে না। এটা মোটামুটি নিশ্চিত, বলে মন্তব্য করেন জিল্লুর রহমান।
তিনি বলেন, যারা দেশের ভেতরে থেকে এই অগণতান্ত্রীক প্রক্রিয়াকে সমর্থন দিয়েছেন, তারা ধিরে ধিরে নানান চাপে পড়বেন, বিপদে পরবেন। বহিঃবিশ্বের সঙ্গে তাদের যে সংযোগ আছে সেগুলো বন্ধ হয়ে যাবে।
যেসব গণমাধ্যম, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা অন্যান্য বাহিনী, এজেন্সি, যেসব রাজনৈতিক শক্তিগুলো, যে ব্যবসায়ী সম্প্রদায় দেশের মানুষের গণতান্ত্রীক আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছেন, তারা হয়তো মনে করছেন তারা তাদের আখের গুছিয়ে ফেলেছেন, আমি নিশ্চিত তারা যা ভোগ করার ইতি মধ্যেই ভোগ করে ফেলেছেন। ভবিষ্যতের জন্য যা কিছু অর্জন করেছেন, তা ভোগ করা তাদের জন্য কষ্টসাধ্য হবে বলেও মন্তব্য করেন জিল্লুর রহমান।
তিনি বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের অনেক নেতাকর্মী পালিয়ে আছেন, মৃত্যুবরণ করেছেন, অনেকে জেলে আছেন। অনেকে গোটা পরিবার নিয়ে ভূগছে। লক্ষ্য একটাই, এত কিছুর বিনিময়ে একটি পক্ষকে ক্ষমতায় থাকতে হবে।
ক্ষমতাসীনরা এমন নিরঙ্কুশ ভাবে একটি বিজয় জণগনের সামনে তুলে ধরেছেন, তাদের মিত্রদেরও ছেটে ফেলে দিয়েছেন। যেখানে তাদের মিত্ররা না থাকলে এই নির্বাচন আদৌ ৭ জানুয়ারী পর্যন্ত আসতে পারতো কী না সন্দেহ আছে বলে মন্তব্য করেন জিল্লুর রহমান।
তিনি বলেন, এতে অনেকেই খুশি হয়েছে, আমি নিজেও খুশি হয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেই মিত্ররা এখন বলছেন তারা প্রতারিত হয়েছেন। ২৮ টি দল নির্বাচনে অংশ নিয়েছিল। ৫টি দলের প্রতিনিধিরা সংসদে ঢুকতে পেরেছে। তার মধ্যে ২৮০ জনই আওয়ামী লীগের। ১১ জন জাতীয় পার্টির, তারাও আওয়ামী লীগের। কারণ নৌকা সরিয়ে দেয়া হয়েছিল। কল্যাণ পার্টি, সবাই আওয়ামী লীগের প্রার্থী। সব মিলিয়ে তারা নিজেরাই।
তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগেরতো এমন করার কথা না। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ অনেক লড়াই করেছে। টানা ১৭৩ দিন হরতাল করেছে, অবরোধ করেছে। আজকে বিরোধীদের যেসব কাজের সমালোচনা করা হচ্ছে, এই আওয়ামী লীগও এমনটাই করেছে। অনেক জ¦ালাও পোড়াও করেছে।
তিনি বলেন, অনেকেই বলতে পারেন, আওয়ামী লীগতো ১৯৭৫ সালে গণতন্ত্রকে হরণ করেছিল। কিন্তু আওয়ামী লীগতো সেখান থেকে সরেও দাঁড়িয়েছিল। সবাই বিশ্বাস করেছিল, আওয়ামী লীগ ওই কাজগুলো আর করবে না।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে জিল্লুর রহমান বলেন, কেউ কেউ এটাকে কম্বোডিয়া বলতে চাইছেন। কেউ কেউ এটাকে নর্থ কোরিয়া বলতে চাইছেন। এটা শুনতেও আমাদের ভাল লাগে না। আওয়ামী লীগের লক্ষ্য লক্ষ্য নেতা-কর্মীরও সেটা শুনতে ভাল লাগে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে দেশগুলো এই নির্বাচনকে সমর্থন দিয়েছে, বিশেষ করে ভারত, অভিযোগ তাদের বিরুদ্ধেই। তারাই এই পুরো পরিস্থিতির জন্য দায়ী। তারাও মর্মে মর্মে উপলব্ধি করবেন, করতে শুরু করেছেন, হয়তো নানা কারণে বলছেন না। এটা তাদের পক্ষেও যায়নি।
ভারত যাদেরকে বিজয়ী করে আনতে চেয়ে ছিলেন, সবাই বিজয়ী হয়েছে, আমি বিশ্বাস করি না। কারণ বিজয়টা আসলে সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, কতটা ভোটের ভিত্তিতে হয়েছে সেটা নিয়ে বড় প্রশ্ন রয়েছে, যদিও নির্বাচন কমিশন ৪১ ভাগ ভোট পড়েছে। তার মানে ৬০ ভাগ লোক ভোটের বাইরে। এবং এই ৪১ ভাগও কেউ বিশ্বাস করে না, মন্তব্য জিল্লুর রহমানের।
তিনি বলেন, এটা একটা চাইনিজ মডেলের গণতন্ত্র। চীনে এক পার্টি, চীনা কমিউনিস্ট পার্টি তাদের মধ্যে থেকে ২ জন ৩ জন প্রার্থী দেন, আরো ৭-৮ টা পার্টি আছে, যারা কমিউনিস্ট পার্টির আশির্বাদপুষ্ট, কমিউনিস্ট পার্টিই ঠিক করে দেয় তারা কতটুকু বলতে পারবে, কতটুকু বলতে পারবে না। সেরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে। এটা চাইনিজ মডেল, উত্তর কোরিয়া মডেল।
অনেকই বলেন বিরোধীরা এখানে কথা বলে না। নাগরিক সমাজ কথা বলেন না কেন? তারাই আবার উত্তর কোরিয়া মডেল বলেন। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষ রাস্তায় কথা বলতে পারেন? বলবার সুযোগ নেই। কম্বোডিয়াতেও একই অবস্থা। বাংলাদেশ কি সেই পথে যাচ্ছে? অনেকেই মনে করেন সেই পথে ঢুকে পড়েছে।
