৩ বছর ধরে বেতন বন্ধ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষকদের
রশিদ খান
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম
সরকারের অগ্রাধিকারভিত্তিক খাত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষকরা তিন বছর যাবত বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অর্থ বিভাগের কাছে অর্থ চেয়েও তা পাননি। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দুই জনই পরিবর্তিত হওয়ায় শিক্ষকদের বেতন-ভাতার বিষয়টি আরো অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর টাকা চেয়ে একটি পত্র লেখেন। পত্রের একটি কপি অর্থ সচিবকেও দেওয়া হয়েছে। ওই পত্রের সূত্রে এই তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ বিভাগ থেকে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে সর্বশেষ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত তিন মাসের বেতন-ভাতাদি বাবদ (২টি উৎসব ভাতা ও ০১টি নববর্ষ ভাতাসহ) ৯,৮২,৯৩,৭০৪ টাকা বরাদ্দ দেয়। ওই বরাদ্দ থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের ২০২০ সালের জুন পর্যন্ত বেতন-ভাতাদি পরিশোধ করা হয়। এরপর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০১২-২০২৩ অর্থবছরের জন্য রাজস্ব বাজেটে অর্থ বরাদ্দ না থাকায় ২০২০ সালের জুলাইর পর থেকে শিক্ষকদের বেতন-ভাতাদি পরিশোধ করা যায়নি।
দীপু মনি তার চিঠিতে লিখেছিলেন, বেতন ভাতা না পেয়ে শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। অপরপক্ষে, শিক্ষক সংকটের বাস্তব পরিস্থিতির কারণে প্রকল্পের মাধ্যমে নিয়োগকৃত ৭৭৭ শিক্ষককে বাদ দিয়ে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালমান রাখা সম্ভব নয়।
পরিস্থিতি বিবেচনায় সমাপ্ত এসটিইপি-এর ৭৭৭ জন শিক্ষকের চাকরি অব্যাহত রাখাসহ পূর্বের ধারাবাহিকতায় আপাতত: ২০২০-২০২১ অর্থ বছরের ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মে পর্যন্ত ১১ মাসের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এজন্য (২টি উৎসব ভাতা ও ০১টি নববর্ষ ভাতাসহ) সর্বমোট ২৭,৫৩,৬৭,০৪৮ টাকা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে বলা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)" ২০১০ সালের ১ জুলাই শুরু হয়ে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হয়েছে। এই প্রকল্পের ৭৯৯ জনের মধ্যে বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষক দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তীব্র শিক্ষক সংকটের বিষয়টি বিবেচনা করে এই শিক্ষকরা সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষা কার্যক্রম চালমান রাখা এবং থোক বরাদ্দের মাধ্যমে বেতন-ভাতাদি পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ পরিপ্রেক্ষিতে, গত ২০১৯ সালের ০৭ নভেম্বর ৬৬৭ সংখ্যক স্মারকে একটি আধা-সরকারি পত্র অর্থ বিভাগে প্রেরণ করা হয়। এসটিইপি সমাপ্ত প্রকল্পের বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষকদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের জন্য প্রস্তাব প্রধানমন্ত্রী ২০১৬ সালের মে মাসে নীতিগতভাবে অনুমোদন করেন। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষকগদের রাজস্বখাতে স্থান্তরের জন্য নিয়োগবিধি সংশোধনের কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
দীপু মনি লিখেছেন, কারিগরি শিক্ষা বাংলাদেশের একটি অগ্রাধিকারভিত্তিক খাত। বর্তমান সরকার দেশের বিদ্যমান বেকার সমস্যার সমাধান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এরই ধারাবাহিকতায় সরকার কারিগরি শিক্ষার প্রচার, প্রসার ও সার্বিক মানোন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের গৃহীত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির হার ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের গৃহীত রূপকল্প ২০৪১-এর অর্জন ত্বরান্বিত করতে হলে দেশের বিশাল জনগোষ্ঠীকে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।
