Logo
Logo
×

সংবাদ

হরতাল-অবরোধের ধূয়া তুলে বাজেট বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তোড়জোড়

Icon

অর্ণব লাহিড়ী

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:২৭ পিএম

হরতাল-অবরোধের ধূয়া তুলে বাজেট বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তোড়জোড়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরও রাজনীতির মাঠ আগের মতোই উত্তপ্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর আবারো সংঘাত, সংঘর্ষ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটবে বলে শঙ্কায় রয়েছেন তারা। দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীর সদস্যদের। নির্বাচনের আগের মতোই মহাসড়কে বিশেষ নিরাপত্তা দিয়ে বিভিন্ন যানবাহনকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব সেবা দিতে গিয়ে জননিরাপত্তা ব্যয় বেড়েছে কয়েক গুণের বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে  ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট নির্ধারণের জন্য অর্থ বিভাগে গত মাসের (২১ ডিসেম্বর, ২০২৩) বৈঠকে অতিরিক্ত ১ হাজার ৩৭০ কোটি ৭৯ লাখ টাকা সিলিং রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে, যা বরাদ্দ বাজেট থেকে প্রায় ৬ শতাংশ বেশি। কিন্তু অর্থ বিভাগ জননিরাপত্তা বিভাগেকে এ অতিরিক্ত অর্থ দিতে চাচ্ছে না। আলাদাভাবে এ অর্থ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।  অর্থ বিভাগের কর্মকর্তারা বলেছেন, এখন বিএনপিসহ বিরোধীদলের আন্দোলন সংগ্রাম না থাকায় কেন আগামী ছয় মাসের জন্য অতিরিক্ত অর্থ লাগবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেভাবে ৭ জানুয়ারির নির্বাচনকে মূল্যায়ন করেছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আখ্যা দিয়েছে, তাতে মনে হচ্ছে আগামী কয়েক মাস বিএনপিসহ বিরোধী দল আগের মতোই আন্দোলন সংগ্রাম করে যাবে । দেশে আগের মতই  হরতাল আর অবরোধ অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলোর বাণিজ্য নিষেধাজ্ঞা, ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক স্যাংশন এলে বিএনপিসহ বিরোধীদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখে এ সরকারের পতন ঘটাতে তৎপর হয়ে উঠবে । অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বাংলা আউটলুককে বলেন, দেশের স্বৈরশাসকরা নিজেদের নিরাপত্তার জন্য অতিরিক্ত খরচ করে। সাধারণ মানুষের জন্য এ সরকার খরচ কমিয়ে দিয়েছে। কিন্তু এ খরচও এক সময় করা যাবে না। কারণ এ সরকারের হাতে ডলারের সাথে সাথে টাকাও নাই ।
তিনি আরো বলেন, নতুন সরকার এলে অবশ্যই  দেশের সম্পদ অপব্যবহার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। কারণ নিরীহ মানুষদের গুম আর খুন এ মন্ত্রণালয়ের লোকজনই করেছে।
উল্লেখ্য, বিএনপিসহ বিরোধী দলের কোনো ধরনের অবরোধ ও হরতাল না থাকার কারণে ২০২২-২৩ অর্থ বছরের জননিরাপত্তা বিভাগের সংশোধিত বাজেট ১ হাজার ৫২১ কোটি ৭৯ লাখ টাকা কমানো হয়েছিল। তখন এ বিভাগের সংশোধিত বাজেট দাঁড়িয়েছিল ২১ হাজার ৪৫৮ কোটি ৪৯ লাখ টাকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন