আওয়ামী লীগের মন্ত্রিসভা নিয়ে দলটির ভেতরেই চলছে নানা টানাপোড়েন আর হিসাব-নিকেশ। আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন এমন অনেকে তাদের বাদ পড়ার কারণ খুঁজছেন, আবার যারা টিকে গেছেন তারাও বোঝার চেষ্টা করছেন তাদের মূল্যায়নটা ঠিকমত হয়েছে তো? আবার যারা মন্ত্রীত্বের আশায় ছিলেন কিন্তু পাননি, তারা হতাশ হলেও এ মূহুর্তে কিছু বলছেন না। কারণ, তাদের বিশ্বাস মন্ত্রিসভায় শিগগিরই হয়তো নতুন মুখ যুক্ত করা হতে পারে। কেন না, এবার ২৫ জন মন্ত্রী আর ১১ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী ছিলেন। তাই তারা আশা করছেন মন্ত্রিসভার আকার যদি আগের মতও করা হয় তাহলে অন্তত: আরও ১০জনের ভাগ্যের শিকে ছিড়তে পারে।
তারা বলছেন, প্রধানমন্ত্রীর হাতে অন্তত: তিন/চারটি মন্ত্রণালয় রাখা হয়েছে যাতে পূর্ণমন্ত্রী না হলেও প্রতিমন্ত্রী-উপমন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে। মন্ত্রণালয়গুলো হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে যাতে শুধু মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। যেমন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে মোগাম্মদ এ আরাফাতকে প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে ঝানু কোন রাজনীতিবিদকে পূর্ণমন্ত্রী করা হবে এমন আশা অনেকের। সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অতীতে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীবিহীন ছিল না। তাই অচিরেই এ দু’ মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হতে পারে। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে আহসানুল ইসলাম টিটোকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকির মধ্যে থাকা একটি দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়কে একজন আনকোরা প্রতিমন্ত্রীর হাতে দিয়ে নির্ভার থাকতে পারবে না বলেই মনে করছেন তারা।
আওয়ামী লীগ সরকার গঠন করবে এটা নির্বাচনের আগেই নিশ্চিত ছিল, কিন্তু কারা কারা মন্ত্রী হবেন তা নিয়ে এবার তেমন আলোচনাও হয়নি। সরকার গঠনে শেখ হাসিনা নজিরবিহীন তাড়াহুড়া করেছেন বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এবার নির্বাচনকালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ১৪ দলের সাথে আসন বন্টন, শাহাজাহান ওমরকে তার এলাকায় জায়গা করে দেয়ার কাজটা সুনিপুনভাবে করা ওই নেতা এবং তার সমর্থকদের আশা ছিল এবার তিনি মন্ত্রী হবেন কিন্তু তা না হওয়ায় তিনি কিছুটা হতাশ।
দক্ষিণ বঙ্গের আরেক নেতা মন্ত্রী হবেন এমনটা আশা করেছিলেন তার ঘনিষ্ঠজনরা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওই নেতা বঙ্গবন্ধু পরিবারের সদস্য। আবার সাবেক একজন স্বাস্থ্যমন্ত্রী তিনিও বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তারও আশা ছিল তাকে এবার মন্ত্রিসভায় রাখা হবে। ফরিদপুর অঞ্চলের আরেক প্রভাবশালী নেতা নির্বাচনে পরাজিত হলেও দলে প্রভাব এবং অবদান বিবেচনায় তাকে মন্ত্রী করা হতে পারে এমন আশা করেছিলেন তার নিকটজনরা।
নারায়ণগঞ্জের বহুল আলোচিত একজন নেতার ঘনিষ্ঠজনরা আশা করেছিলেন তাকে মন্ত্রী করা হবে, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর প্রতি তাদের পরিবারের অবদানের কথা বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রী করা হবে এমন আশা ছিল অনেকের। কুমিল্লা থেকে নির্বাচিত আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক তারও আশা ছিল, স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী এবার তাকে বেছে নিতে পারেন। স্বাচিপসহ আওয়ামীপন্থী চিকিৎসকরাও তার দিকে ঝুঁকে ছিলেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে সামন্ত লাল সেনকে। এটি মন্ত্রিসভার বড় জমক, কিন্তু এতটা চমকের জন্য কেউই প্রস্তুত ছিলেন না।
মন্ত্রীত্ব পেতে ইচ্ছুক ব্যক্তিরা এ মূহুর্তে সরকারের আকার নিয়ে কোন কথা বলতে অনাগ্রহী। তারা মনে করেন, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে এত নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে রেখেছে যে, এ ক্ষেত্রে কারো মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বার্তা পৌছানোও ঝূকিপূর্ণ, তাই তারা অপেক্ষা করাকেই উত্তম মনে করছেন।
