Logo
Logo
×

সংবাদ

পুরান ঢাকায় রবিবার সাকরাইন উৎসব

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ এএম

পুরান ঢাকায় রবিবার সাকরাইন উৎসব

ছবি : সংগৃহীত

রবিবার পুরান ঢাকায় পালিত হবে সাকরাইন উৎসব। জমকালো নানা আয়োজনে এ উৎসব উদযাপন করবেন পুরান ঢাকার বাসিন্দারা। উৎসবের এই দিনে পুরান ঢাকার আঁকাশ থাকবে ঘুড়িওয়ালাদের দখলে। সন্ধ্যার পর ওড়ানো হবে ফানুস। শিল্পীরা উৎসবের দিন গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। দিনভর ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন পিঠাপুলিসহ নতুন খাবারের আয়োজন। নানা রকম খাবারের পাশাপাশি প্রায় প্রতিটি বাড়ির ছাদে ছাদে চলতে থাকবে আড্ডা ও নাচ-গান। উৎসবটি বাংলাদেশের বাইরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এই উৎসব পালিত হয়ে থাকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে জানিয়েছেন, ১৪ জানুয়ারি বিকাল ৩টায় ধুপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ঐতিহ্যবাহী সাকরাইন/ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাদসিক'র মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সাকরাইনের প্রধান আকর্ষণ ঘুড়ি খেলা। তাই উৎসবের দিন বিকেল থেকে পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছাদ থেকে শত শত ঘুড়ি উড়তে থাকে। ঢাকার অন্য অঞ্চল থেকেও হাজারো মানুষ ভিড় জমান ঐতিহ্যবাহী এই উৎসবটি উপভোগ করতে। শুধু ঘুড়ি ওড়ানোই নয়, ঘুড়ি কাটাকুটি খেলাও শুরু হয়ে যায়। রং-বেরঙের ঘুড়ি এক সঙ্গে উড়ে ঢাকার আকাশকে বর্ণিল করে তোলে। সন্ধ্যা নামলে খেলা শেষে শুরু হয় আতশবাজি, শত শত ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ।  

প্রতি বছর জানুয়ারি মাসের ১৪ তারিখে সাকরাইন তথা ঘুড়ি উৎসব পালন করা হয়। অনেক জায়গায় আবার ১৫ জানুয়ারি এ উৎসব পালন করা হয়। সাকরাইন উৎসব পৌষসংক্রান্তি ঘুড়ি উৎসব নামেও পরিচিত। সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে। পৌষ ও মাঘ মাসের সন্ধি¶ণে পৌষ মাসের শেষ দিন সারা ভারতবর্ষে সংক্রান্তি হিসেবে উদযাপিত হয়। এই উৎসব সম্পর্কে পুরান ঢাকার একজন বাসিন্দা বলছিলেন, হিন্দু ধর্মাবলম্বীরা একে ‘পৌষ সংক্রান্তি’ বলে থাকেন। তবে পুরান ঢাকায় একে বলা হয় সাকরাইন উৎসব। দুটা একই উৎসব হলেও হিন্দু ধর্মালম্বীদের মধ্যে পূজার বিষয়টা রয়েছে, যা মুসলমানদের মধ্যে নেই।

সাকরাইন উৎসবকে সামনে রেখে পুরান ঢাকার শাঁখারীবাজারের দোকানগুলোতে নানা রং আর ডিজাইনের ঘুড়ি বিক্রি করা হয়। এগুলোর রয়েছে আবার বাহারি নামও। চোখদ্বার, মালাদ্বার, পক্সখীরাজ, চাপালিশ, চানদ্বার, নাকপান্দার, মাখখিসহ আরও অনেক নামের ঘুড়ি বিক্রি হচ্ছে। ঘুড়ি, নাটাই, সুতা, ফানুস, আতশবাজি কিনতে ভিড় করছে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই। তাছাড়া পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, ওয়ারী, কলতাবাজার, দয়াগঞ্জ, মুরগিটোলা, কাগজিটোলা, গেণ্ডারিয়া, বাংলাবাজার, ধূপখোলা মাঠ, সদরঘাট এলাকায় একসঙ্গে দিনব্যাপী আয়োজনের জন্য বাড়ির ছাদ ও মাঠ প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে এ আয়োজন।

পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার বাসিন্দা আলিশার কাছে সাকরাইন একটি আবেগের নাম। পুরান ঢাকার উৎসবগুলোর মধ্যে আমরা তরুণরা এই উৎসব বেশি উপভোগ করি। ছোটবেলা থেকে আমরা এটি পালন করে আসছি। আমাদের এখানে ১৫ তারিখ করা হবে। অন্য বছরের মতো এ বছরও আমরা জমজমাটভাবে সাকরাইন উৎসব পালন করব। এই উৎসবে আমরা পুরান ঢাকার বাইরের বন্ধুদের নিয়ে দিনভর উৎসবে মেতে থাকি। তবে অনেক জায়গায় ১৪ তারিখে পালন করে।’

পুরান ঢাকায় পুরনো যেসব উৎসব যুগের পর যুগ পালিত হয়ে আসছে, তার মধ্যে সাকরাইন অন্যতম। ১৭৪০ সালের পৌষ মাসের শেষ এবং মাঘ মাস শুরুর সন্ধিক্ষণে মোঘল আমলে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের সময়ে ঘুড়ি উৎসবের প্রচলন শুরু হয় বলে জানা যায়। কালের পরিক্রমায় এই দিনটি পুরান ঢাকাইয়াদের একটি অন্যতম উৎসব এবং আমেজে পরিণত হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন