Logo
Logo
×

সংবাদ

মন্ত্রিসভা: বিস্ময় কাটেনি অনেকের, ক্ষোভ সামলাচ্ছেন কেউ কেউ

Icon

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম

মন্ত্রিসভা: বিস্ময় কাটেনি অনেকের, ক্ষোভ সামলাচ্ছেন কেউ কেউ

কেমন হলো নির্বাচন সে আলোচনার রেশ না কাটতেই শুরু হয়েছে কেমন হলো মন্ত্রিসভা সে আলোচনা। শেখ হাসিনা আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এরইমধ্যে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রীর মধ্যে রয়েছেন: আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, ডা. দিপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, এ এইচ মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, উবায়দুল মোকতাদির চৌধুরী,আব্দুর রহমান,নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম,সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান এবং সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন- সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, রুমানা আলী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু, জাহিদ ফারুক, নসরুল হামিদ , জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী।

মন্ত্রিসভায় প্রথমবারের মতো যুক্ত হলেন ১৪ জন। আগে বিভিন্ন সময়ে মন্ত্রী–প্রতিমন্ত্রী ছিলেন এমন পাঁচজন এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।  আবার বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। এর মধ্যে ৭ জানুয়ারির ভোটের আগেই বাদ পড়েন দুজন টেকনোক্র্যাট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। তিনজন নির্বাচনে পরাজিত হয়েছেন। আর তিনজন এবার দলীয় মনোনয়নই পাননি। নতুন মন্ত্রিসভায় নেই, এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।

অসুস্থতার কারণে মুস্তফা কামাল বাদ পড়তে পারেন, এমন আলোচনা আগেও ছিল। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নানা সময় বিতর্ক তৈরি হয়েছিল। করোনা মহামারির সময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেককে নিয়ে নানা সমালোচনা ছিল। তবে শেখ হাসিনার বিশেষ আস্থাভাজন ড. আবদুর রাজ্জাকের বাদ পড়াটা রাজনৈতিক মহলে বিপুল বিস্ময়ের সৃষ্টি করেছে। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। গত দু’টি কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে উঠে আসছিল তার নাম। কিন্তু ভাগ্যের শিকে ছিড়েনি, এবার মন্ত্রিসভায়ও জায়গা হলো না তার। অনেকে বলছেন, নির্বাচনের আগে তার কিছু মন্তব্যে সরকার বেকায়দায় পড়ে। বিশেষ করে নির্বাচনে আসলে বিএনপির সব নেতা-কর্মীকে ছেড়ে দেয়ার কথা হয়েছে বলে তিনি যে মন্তব্য করেছিলেন তা দলের মধ্যে ঝাঁকুনি সৃষ্টি করে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বাদ পড়াকে স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি তা নিয়ে অতিকথন ও বিভ্রান্তিকর নানা মন্তব্যে তার ওপর বিরক্ত ছিল হাইকমান্ড।

নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া অন্যরা হলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা। দুজন উপমন্ত্রীও বাদ পড়েছেন। তাঁরা হলেন হাবিবুন নাহার ও এ কে এম এনামুল হক শামীম।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিভিন্ন সময় কথা বলে সরকারের শীর্ষ মহলের সুদৃষ্টি হারিয়েছেন। বিশেষ করে দ্রব্যমূল্য বাড়ার ব্যাপারে তার ‘সত্যভাষণ’ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি করে। তিনি বলেছিলেন, দ্রব্যমূল্যের জন্য মানুষ কষ্টে আছে। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মূলত: তাদের হতাশাজনক পারফর্মেন্সের জন্য বাদ পড়েছেন।

মন্ত্রিসভায় বাদ পড়াদের অনেকেই তাদের হতাশার কথা ব্যক্ত করেছেন বন্ধু ঘনিষ্ঠজনদের। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও মৎস্য সম্পদমন্ত্রী বাদ পড়ায় বেশি হতাশ। আবার মন্ত্রীর শপথ নেয়ার ডাক পেয়েও অনেকে অবাক হয়েছেন। বিশেষ করে র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, মেজর জেনারেল আবদুস সালাম, জিল্লুল হাকিম ও নাজমুল হাসান পাপন মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আমন্ত্রণ পেয়ে বিস্মিত হয়েছেন। তাদের মন্ত্রী হওয়ার খবরে নিজ নিজ নির্বাচনী এলাকায় মিছিলও হয়েছে।

 

 

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন