আজ ১১ জানুয়ারি। বাংলাদেশের রাজনীতির বাক বদলের একটি কৃষ্ণতম দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হরণ ও ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরুর দিন। ২০০৭ সালের এই দিনে সংঘটিত হয়েছিল রক্তপাতবিহীন অসামরিক-সামরিক অভ্যুত্থান। নবম সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে সৃষ্ট চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে এদিন ক্ষমতার মঞ্চ দখল করে সেনাবাহিনী। দেশে জারি হয় জরুরি অবস্থা। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনানিয়ন্ত্রিত ‘অন্তর্বর্তীকালীন সরকার’। পরবর্তী সময়ে এটি ‘ওয়ান ইলেভেন’ কিংবা ‘১/১১’ হিসেবে পরিচিতি পায়।
সেনাবাহিনীর চাপের মুখে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। পদত্যাগ করেন অন্য উপদেষ্টারাও। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় ড. ফখরুদ্দিন আহমদকে। তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন। আওয়ামী লীগের চরম নৈরাজ্যের সুযোগে প্রভাবশালী রাষ্ট্র, সংস্থা ও দেশের কিছু লোকের আশীর্বাদধন্য সেনা-নিয়ন্ত্রিত একটি অবৈধ সরকার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে। অসাংবিধানিক সরকারের ক্ষমতা গ্রহণকে অভিনন্দন জানিয়েছিল আওয়ামী লীগ।
ক্ষমতা দখল করে প্রায় দুই বছর জরুরি অবস্থা জারি রেখেছিলো সেনা সমর্থিত অবৈধ সরকার। সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ ও ফখরুদ্দীন ক্ষমতা দখলের পর তাদের লক্ষ্য ছিলো বাংলাদেশকে রাজনীতিশূন্য করা। বিশেষ করে বিএনপিকে মাইনাস করা। তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল রাজনীতিকরা। ব্যবসায়ীরাও রেহাই পাননি। তারা তাদের শাসনামলের প্রথমদিকে দেশকে বিরাজনীতিকরণের (মাইনাস টু ফর্মুলা) লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন, বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শ শ রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে প্রথমে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও পরে ২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে বন্দী রাখা হয়।
কিন্তু এর আগেই সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা চালানো হয়। পরে নিজ নিজ দলের নেতৃত্ব থেকে তাদের বাদ দেয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান দু দলে তথাকথিত সংস্কারের চেষ্টা চালানো হয়। এই সংস্কার করা না গেলেও দলগুলোতে সীমিত আকারে ভাঙন সৃষ্টি করা সম্ভব হয়।
পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমঝোতার মাধ্যমে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো চেষ্টা হলেও তিনি যেতে রাজি হননি। বেগম খালেদা জিয়ার এই আপোসহীন মনোভাবের কারণে সেদিন মাইনাস টু ফমুর্লা ব্যর্থ হয়।
ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের প্রতি সমর্থন জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি ষ্পষ্ট করেই ঘোষণা দেন, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে এই সরকারের সব কার্যক্রমের বৈধতা দেয়া হবে। নিরাপদ প্রস্থানের পথ খোঁজা সেনা নিয়ন্ত্রিত সরকার শেখ হাসিনার এই ঘোষণা লুফে নেয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের বিজয়ানুকূল পরিবেশ তৈরি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরংকুশ বিজয় লাভ করে।
২০০৭ সাল থেকে বিএনপি একটি রাজনৈতিক নীপিড়ণের মধ্যে পড়ে, যা এখনও চলমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাস্যকর মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে, দণ্ডিত করা হয়েছে তারেক রহমানকে। তার দেশে ফেরার পথ রুদ্ধ করে রাখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলেল শীর্ষ নেতারা কারাগারে।
এমন পরিস্থিতিতর মধ্যেই একটি সাজানো ও পাতানো নির্বাচন করে ফেলেছে আওয়ামী লীগ। তথাকথিত উন্নয়নের ঢোল বাজানো আওয়ামী লীগ ফের ক্ষমতার নবায়ন করতে যাচ্ছে দেশের ইতিহাসের এক কৃষ্ণতম দিবস ১/১১তেই।
