Logo
Logo
×

সংবাদ

নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না, সব দল অংশগ্রহণ করেনি : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ এএম

নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না, সব দল অংশগ্রহণ করেনি : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না এবং সব দল অংশগ্রহণ করেনি। এই নির্বাচনে কোনো সুষ্ঠু প্রতিযোগীতা ছিল না। মানবাধিকারের প্রতি সন্মান দেখানো হয়নি। নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পৃথক পৃথক বিবৃতিতে সোমবার এই মন্তব্য করেছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য পর্যবেক্ষকদের সাথে  সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও মনে করে যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। আমরা দু:খিত যে সব দল নির্বাচনে অংশ নেয়নি। 

নির্বাচন প্রক্রিয়া শুরু হওযার পর সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, আমরা আশা করি বাংলাদেশের সরকার এসব সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত করবে এবং দায়ীদের সাজা প্রদান করবে। একই সঙ্গে সব দলকে সহিংসা পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ  থেকে। 

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি স্পৃহা, স্বাধীনভাবে সমাবেশ করা ও কথা বলার স্বাধীনতার প্রতি সমর্থন করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের সঙ্গে অংশিদারিত্বকে এগিয়ে নিতে  দৃঢ় প্রতিজ্ঞ। মানবাধিকার ও সুশীল সমাজের প্রতি সমর্থন এবং  দুই দেশের জনসাধারণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে অব্যাহতভাবে সমর্থন থাকবে। 

অপরদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,  একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য যথাযথ প্রক্রিয়া, আইনের শাসন, উন্মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগীতা অপরিহার্য। কিন্তু এই নির্বাচনে এ বিষয়গুলো পূরণ হয়নি। 

নির্বাচনে আগে বিরোধী দলের নেতাকর্মীদের গনহারে আটক,  জনমনে ভীতি সঞ্চার ও সহিংসতার নিন্দা করা হয় বিবৃতিতে।

যুক্তরাজ্য বলছে, রাজনীতিতে এসবের কোনো স্থান নেই। সব দল নির্বাচনে অংশ নেয়নি। ফলে বাংলাদেশের জনসাধারণ সবার  ভোট  দেওয়ার সুযোগ ছিল না। 

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও গভীর সম্পর্কের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলো তাদের মতভিন্নতা নিরসন করে সামনে এগিয়ে যাওয়ার একটি ঐক্যবদ্ধ পন্থা খোঁজে যাবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন