আওয়ামী লীগের এই বিজয়ে আগ্রহ নেই পশ্চিমাদের : যুক্তরাষ্ট, ইইউ অভিনন্দন জানায়নি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:১১ এএম
ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা দেশগুলো এই নির্বাচন নিয়ে আগ্রহী নয়। যেহেতু নির্বাচনে রাষ্ট্রীয় ভাবে কোনো পর্যবেক্ষক পাঠায়নি, তাই এর ফলাফল নিয়েও কোনো আগ্রহ নেই এসব দেশের। ঢাকাস্থ ইইউ এবং ইউএসএ এম্বেসি সূত্র বাংলা আউটলুককে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার ঢাকাস্থ কয়েকটি দূতাবাসের সাথে আউটলুক যোগাযোগ করলে এ তথ্য জানানো হয়।
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের স্ট্রাটেজেক কমিউনিকেশন অফিসার মাহাবুবুর রহমান বাংলা আউটলুককে জানান, ফলাফল ঘোষণার পর ঢাকাস্থ আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস এই নির্বাচনের ফলাফল নিয়ে এখনো কোথাও কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। এমনকি বিজয়ীদের কোনো অভিনন্দন বা শুভেচ্ছাও জানাননি। সরকারী ফলাফল প্রকাশ হওয়ার পর ওয়াসিংটন স্ট্রেট ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল রিডআউট দেয়া হবে, তারপর ঢাকার দূতাবাস এ বিষয়ে কথা বলার সম্ভাবনা আছে বলে জানান মাহাবুবুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে সুইডেন দূতাবাসের এক উর্দ্ধতন কর্মকর্তা বাংলা আউটলুককে জানান, এটি কোনো একক দেশের বিষয় না। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো যেহেতু এই নির্বাচন অফিসিয়াললি কোনো পর্যবেক্ষন করেনি বা পর্যবেক্ষক পাঠায়নি, তাই এ বিষয়ে আলাদা ভাবে সুইডেন বা ইউভুক্ত দেশগুলোর আলাদা কোনো মন্তব্য নেই। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল সিদ্ধান্তও আমাদের কাছে আসেনি।
ওই কর্মকর্তা জানান, যদি কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আসে, তা ইইউভুক্ত দেশগুলো বৈঠক করে সম্মিলিত ভাবেই জানাবে। তবে, সে সম্ভাবনা অনেকটাই নেই বলেও জানান তিনি।
এর আগে দুপুরে, ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাস অফিসিয়াল এক্স একাউন্টে রিলিজ করে জানিয়েছে, এই নির্বাচনে তারা অফিসিয়াললি কোনো পর্যবেক্ষক পাঠায়নি। যদি ব্যাক্তিগত ভাবে কেউ গিয়ে থাকে, এর সাথে রাষ্ট্রিয় কোনো সম্পর্ক নেই। তার মন্তব্যের বা বক্তব্যের সাথে কানাডা সরকারের কোনো সম্পর্ক নেই।
এদিকে, সাবেক পররাষ্ট্র সচিব তৈহিদ হোসেন বাংলা আউট লুককে বলেন, নানা ভাবে আলোচিত সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো বাংলাদেশ নিয়ে দুইটা পদক্ষেপ নিতে পারে ।
প্রথম পদক্ষেপ হচ্ছে, ২০১৪ এবং ২০১৮ সালের মত জাতীয় নির্বাচনকে তারা মেনে নিয়ে দুই দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলতে পারে। এমন অবস্থায় নিয়ে যাওয়া তাদের নিজেদের দেশের স্বার্থ উদ্বারের চেষ্টা করা। এবং নানা বিষয় সমালোচিত সরকারে থাকা আওয়ামী লীগ সরকারের অধিনে ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে কোন কথা না বলা। নামে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশ সরকারের উপর ১০০ জনের ভিসা স্যাংশন দিলে এ সরকারের অর্থনৈতিক কোন সমস্যা হবে না বলে উল্লেখ করেন তিনি ।
তিনি আরো বলেন, তবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা বোয়িং কিনতে চেয়েছে। সে আলোচনা তারা এগিয়ে নিয়ে যাবে।
সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, এছাড়াও তাবৎ বাণিজ্য সুবিধা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি’র (টিকফা) আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য বিশেষ করে বাংলাদেশে ম্যইক্রোসফটের ট্রেড মার্ক বা প্যাটার্ন দাবি প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশ সরকার সে বাণিজ্য সুবিধা দিয়েও দিতে পারে। ফলে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কিনতে বেশি অর্থ খরচ করতে হবে। নকল সফটওয়্যার ব্যবহার বন্ধ হবে বাংলাদেশে।
অন্যদিকে, দ্বিতীয় কঠোর পদক্ষেপ সর্ম্পকে তিনি বলেন- মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার বিষয়ে বাংলাদেশ সরকারকে মৃদু হুমকি দিয়ে আসছিল। এমন কি শ্রম অধিকার আদায় এবং ট্রেড ইউনিয়নের না মানার ক্ষেত্রে বাংলাদেশকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিতে পারে সে আশঙ্কা দেখা দিয়েছে।
কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবী ব্যাপি শ্রম অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন আইন বিষয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের কথা উল্লেখ্য করা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের বিষয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের স্যাংশন না দিলেও মাঝারি ধরনের স্যাংশন দিলে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় মারাত্বক নেতিবাচক অবস্থার মধ্যে পড়ে যাবে।
অপর এক সাবেক রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমদ আউটলুককে বলেন, বন্ধু রাষ্ট্রগুলো সরকারকে অভিনন্দন জানাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলোও জানাবে। এটা নিয়ে এতো ব্যস্ত হওয়ার কিছু নেই। সত্যিকার অর্থে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের ব্যস্ততার কোনো কারন নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার। তারা ভূ-রাজনৈতিক কারনে একটু বেশি কথাবার্তা বলেছে উল্লেখ করে মুনশী ফয়েজ বলেন, এটা ভুল তথ্যের জন্যও হতে পারে। তারা আমাদের কাছে বোয়িং বিক্রি করতে চায়। এখন এ বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা এগিয়ে নিতে হবে। বাণিজ্যিক সুবিধাগুলো দুই দেশেরই প্রয়োজন। আমার মনে হয়- এ দিকেই দুই দেশ মনযোগ বাড়াবে।
ভোটের হারের বিবেচনায় নির্বাচন ভালো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে অংশনিলে হয়তো পার্সেন্টেজ আরো একটু বাড়তো। তবে এখন যেটা হয়েছে আন্তর্জাতিকভাবে ত্রুটিমুক্তই বলা যায় বলে দাবি করেন সাবেক এই কূটনৈতিক।
