Logo
Logo
×

সংবাদ

 সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন শেখ হাসিনা

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

 সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন শেখ হাসিনা

রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল আটটায় এই কেন্দ্রে এসে ভোট দেন তিনি। তার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলও এই কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ সকাল ৮টার একটু আগেই প্রধানমন্ত্রী সিটি কলেজ প্রাঙ্গণে গিয়ে পৌঁছান। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিটি কলেজ কেন্দ্রটি ঢাকা-১০ আসনের মধ্যে।

শেখ হাসিনার সঙ্গে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব ছিলেন। এ সময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ছবি তোলেন ও কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সময় শুরুর পরই প্রধানমন্ত্রী ভোটকক্ষে প্রবেশ করেন। তারপর তিনি ভোট দেন।

ভোট দেয়ার পর নিজের প্রতিক্রিয়া শেখ হাসিনা আশা প্রকাশ করেন এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে আবার ক্ষমতায় আসবে। তিনি বলেন, বিএনপি ভোট চুরি করতে পারবে না জেনে নির্বাচনে অংশ নেয়নি। তারা নির্বাচন বানচাল করতে জ্বালাও পোড়াও করলেও মানুষ তাদের ভোটাধিকারের ব্যাপারে সচেতন। সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন আওয়ামী লীগ সভাপতি। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মত প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার প্রধান হন। তবে ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচন ছাড়া সব নির্বাচনই বিতর্কিত। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনকে বলা হয় ‘মেকানিজম’ এর নির্বাচন। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটকে বলা হয় বিনাভোটের নির্বাচন আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বলা হয় মহাপ্রতারণা ও জালিয়াতির নির্বাচন। রাতের বেলা নৌকায় সিল মেরে ব্যালটবাক্সে ব্যালট ঢুকিয়ে রাখায় এ নির্বাচনকে ‘রাতের ভোটও বলা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন