Logo
Logo
×

সংবাদ

কী হচ্ছে ফরিদপুর-৩ আসনে : সরেজমিন পর্যবেক্ষণ

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ এএম

কী হচ্ছে ফরিদপুর-৩ আসনে : সরেজমিন পর্যবেক্ষণ

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন বাকি থাকতেই ফরিদপুর-৩ আসনের ঈগল মার্কার পদপ্রার্থী হামিম গ্রুপের কর্ণধার একে আজাদসহ ১০ জনকে ফরিদপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি।

জেলা আওয়ামী লীগের সেক্রেটারিই নৌকার প্রার্থী শামীম হক। নির্বাচনের দুইদিন আগে আজাদকে বহিষ্কার করার কারণ কী হতে পারে?

শুক্রবার সরেজমিনে ফরিদপুর-৩ আসনের বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম, বিভিন্ন সময় আওয়ামী লীগের অনিয়ম নিয়ে আজাদ সাহেব কথা বলেছেন। এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পপতি আজাদ সাহেবের প্রতি নাখোশ  হয়েছেন। এজন্যই তিনি নৌকা প্রতীক পাননি। তবে বহিষ্কারের কারণ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী দেখিয়েছে যে, আজাদসহ ১০ জন নেতা ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় উপস্থিত হননি।
গত শুক্রবার আজাদ সাহেব ফরিদপুরে প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছেন, তিনি সহ ১০ জনকে জনসভায় যোগ দেওয়ার জন্য ডাকাই হয়নি। জনসভায় যোগদান প্রক্রিয়ার মধ্যে রয়েছে- সভায় উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রটোকলকে ন্যাশনাল আইডি জমা দেওয়া, করোনা টেস্টের কপিও জমা দেওয়া। এসব জমা নেননি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসাররা। এক্ষেত্রে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে এ কে আজাদসহ ১০ জন নেতার সঙ্গে যোগাযোগ না করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের উচ্চ মহল নিদের্শনা না দিলে কীভাবে তাদের বহিষ্কার করা হলো, সে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী জেনেশুনেই এ নিদের্শনা দিয়েছেন। সে অনুসারে, আজাদসহ ১০ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

এ কে আজাদের ছোট ভাই গামের্ন্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেছেন, ভোটের আগে রাত ৪টার সময় ব্যালট পেপার ফরিদপুর-৩ আসনে আসবে। তখন থেকেই আমাদের পাহারায় থাকতে হবে। যদি পাহারা না দিতে পারি, তাহলে নির্বাচনে উঠে আসা কঠিন হবে। শামীম হক সন্ত্রাসী বাহিনী নিয়ে চলেন। আমাদের পক্ষে সন্ত্রাসী ব্যক্তিদের নিয়ে চলা সম্ভব নয়। কাল রাতে ঈগলের কর্মীরা নৌকার তিন কর্মীকে ধরেছে। তারাই নৌকার প্রচারণা কেন্দ্র আগুন দিতে চেয়েছিল। আমরা তাদের পুলিশে দিয়েছি। প্রশাসন এখনও নিরপেক্ষ আছে। তবে কতক্ষণ থাকবে?

 
নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর-৩ আসনের এক বাসিন্দা বলেন, কেন্দ্র থেকে এ আসনের জয়ী প্রার্থীর নাম ঘোষণা না করে স্থানীয়ভাবে ঘোষণা করা হবে। এভাবেই পাতানো নির্বাচনে জিতে আসবে আওয়ামী লীগ প্রার্থী।

শামীম হককে ফোন দেওয়া হলে তিনি সব অস্বীকার করে বলেন, এসব বহিষ্কৃত নেতাদের সাজানো নাটক। আওয়ামী লীগ বিরুদ্ধে কাজ করেছে বলেই তাদের বহিষ্কার করা হয়েছে। ফরিদপুর-৩ আসনের ৪ লাখ ভোটার, সবার ভোট নৌকাতেই পড়বে। শেখ হাসিনার নৌকাই জিতে আসবে এ আসনে।

ফরিদপুর-৩ আসনের লখিকান্ত বাজারের অটোরিকশা চালক লাল মিয়া বলেন, নৌকায় ভোট না দিলে ভিজিএফ কার্ডের প্রতিমাসের ১৫০০ টাকা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে নৌকার লোকজন। অনেক জায়গায় সামাজিক নিরাপত্তা কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা বলছে, নৌকায় ভোট না দিলে কার্ড বাতিল করে দেওয়া হবে।
কে জিতবে?  এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা মুজিব পার্টি করি। শেখ মুজিব মরে যাওয়ার সময় আমার বয়স ছিল ১৫ বছর। নৌকার বিপক্ষে বিএনপির ভোট প্রায় ২৫ শতাংশ, এরা নৌকার বিপক্ষে ভোট দিতে যাবে।
ফরিদপুর-৩ আসনের ইশানপুরের বাসিন্দা মোহাম্মদ জামিল বলেন, এই আসন ছিল বিএনপির মন্ত্রী কামাল ইবনে ইউসূফের। এ আসনে সবাই বিএনপির সমর্থক। আওয়ামী লীগ শেষ তিনটি নির্বাচনে এই আসনটা নৌকার জন্য নির্ধারণ করে রেখেছে। যেনতেনভাবে নৌকার প্রার্থীকে এ আসন দিতে হবে। নৌকার প্রার্থী শামীম হক ফরিদপুর-৩ আসনের অনেক এলাকা দখল করে নিয়েছে। এ নিয়ে এলাকার শত শত মানুষের অভিযোগের শেষ নেই।
লক্ষ্মীকান্ত বাজারের মজিবুল চেয়ারম্যানের ডান হাত খ্যাত মকবুল হোসেন মোহাম্মদ জামিলের প্রতিউত্তরে বলেন, ফরিদপুর-৩ আসনে বিএনপি কোনো উন্নতি করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফরিদপুর-৩ আসনে অনেক উন্নতি করেছে। রাস্তা-ঘাট, বাজার হয়েছে। সরকার কম টাকায় চাল-তেল কেনার ব্যবস্থা করেছে। মানুষজন আওয়ামী লীগকে ভোট দেবে ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন