Logo
Logo
×

সংবাদ

ভোটকেন্দ্রে না গেলে গণধর্ষনের হুমকি, করা হবে এলাকা ছাড়া

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ এএম

ভোটকেন্দ্রে না গেলে গণধর্ষনের হুমকি, করা হবে এলাকা ছাড়া

কেন্দ্রে না গেলে গণধর্ষনের হুমকি, করা হবে এলাকা ছাড়া কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট না দিলে এলাকা ছাড়া করা হবে। নারীদের কাউকে কাউকে মাথা ন্যড়া করে দেয়া হবে এমনকি গণধর্ষণেরও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমন অন্তত ১১টি অভিযোগ এসেছে বাংলা আউটলুকের কাছে। রাজধানী ঢাকার বংশাল থানার হাজী আব্দুল্লাহ সরকার লেনের বাসিন্দা গৃহবধু সেলিনা (ছদ্মনাম, প্রকৃত নাম ও পরিচয় বাংলা আউটলুকের কাছে সংরক্ষিত আছে)। এক সন্তানের জননী সেলিনার স্বামী বংশালের ক্ষুদ্র ব্যবসায়ী। শুক্রবার রাত ১১টার দিকে স্বামী সন্তানসহ ভাড়া বাসায় ঘুমাচ্ছিলেন। এমন সময় দরজায় কড়া নাড়েন  বংশাল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজহার উদ্দিন। সাথে আরো ৫ জন ছাত্রলীগ নেতা। দরজা খোলা মাত্র আজহার উদ্দিন সেলিনা এবং তার স্বামীকে রবিবার সকাল সকাল মিল্লাত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য স্লিপ ধরিয়ে দেন। এবং কড়া ভাষায় বলে দেয়া হয়, ভোটকেন্দ্রে না গেলে পর দিনই ঘরে আটকে গণধর্ষণ করা হবে।

একই ভাবে থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শাসিয়ে যান  মাহমুদা বেগম (ছদ্মনাম) নামে আগামাসি লেনের এক স্থানীয় বাসিন্দাকে। মাথা ন্যড়া করে এলাকার রাস্তায় ঘুরানো হবে বলে হুমকি দেয়া হয়  মাহমুদাকে একই সঙ্গে স্কুল পড়ুয়া মেয়েকেও দেখে নেয়ার হুমকি দেয়া হয়।

রাজধানীর পশ্চিম মালিবাগের বাসিন্দা  রবিউল হক (ছদ্মনাম) নামের এক তরুণকে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হয়েছে।  রবিউল ওই এলাকার ভোটার নন জানানোর পরও হুমকিদাতা পশ্চিম মালিবাগ ইউনিট আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের লোকজন তাকে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে যাওয়ার হুমকি দিয়ে বলে, তারাই তাকে ভোট দেয়ার ব্যবস্থা করবে।

একই ভাবে, ওয়ারী থানার টিপু সুলতান সড়কের জোড়পুল লেনের বাসিন্দা হামিদ হোসেনকে (ছদ্মনাম)ভজহরি সাহা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার মধ্যে উপস্থিত হওয়ার হুমকি দিয়েছেন ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ অপু এবং তার লোকজন। বংশালের আবুল হাসনাত রোডের এক বাসিন্দাকে আই ই টি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার হুমকি দেন বংশাল থানা শ্রমিক লীগের সভাপতি নাজির হোসেন ও ডিএসসিসি’র ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান। তার বাড়ির ১৬ জন ভোটারকে কেন্দ্রে না নিয়ে গেলে, পরিবারের কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাদক মমলায় ফাসানো হবে বলে হুমকি দিয়ে যান। এসময় তাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই-তিন জন কনস্টেবলও ছিল বলেও অভিযোগ উঠেছে। এদিকে, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বলা হয়েছে, বাড়ির সবাইকে নিয়ে রবিবার ভোট কেন্দ্রে হাজির হওয়ার জন্য। এবং বদিউজ্জামান সোহাগ বা অন্য যেকোনো প্রার্থীকে ভোট দিলেই চলবে। তবে, সকাল ১০টা থেকে সবার বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হবে। ভোট দেয়নি এমন কাউকে পাওয়া গেলে তাদের অবস্থা খারাপ হবে বলেও হুমকি দেয় স্থানীয় মোড়েলগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসব অভিযোগ করেন নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক সাবেক ইউপি মেম্বার। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রায় সবগুলো নির্বাচনী আসনের একই চিত্র। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি এবং হুমকি দেয়া হচ্ছে। এর বাইরে যারা বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী, তাদের পরিবারের সদস্যদের কড়া নজরে রাখা হচ্ছে বলেও বহু অভিযোগ বাংলা আউটলুকের কাছে এসেছে।

এসব বিষয় নিয়ে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে বাংলা আউটলুককে তিনি বলেন, এমন অভিযোগ পাইনি। তবে, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর রয়েছে। তবে, কোনো ভোটারকে হুমকি দেয়া হয়েছে এমন অভিযোগ কমিশনের কাছে নেই।

উল্লেখ্য, ১১তম জাতীয় সংসদ নির্বাচনের পর নেয়াখালীর সুবর্ণ চরে ভোটের পরদিন তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও গণধর্ষণ করেছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক নেতা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন