Logo
Logo
×

সংবাদ

বিএনপি সন্ত্রাসে জড়িত না : বোমা ফাটালেন নৌকা প্রার্থী জাহিদ ফারুক শামীম

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ এএম

বিএনপি সন্ত্রাসে জড়িত না : বোমা ফাটালেন নৌকা প্রার্থী জাহিদ ফারুক শামীম

বরিশাল-৫ আসনের নৌকা প্রার্থী আওয়ামী লীগ নেতা পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন। আজ শনিবার বিকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বরিশালে ভোট কেন্দ্রে হামলা, আগুন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জড়িত নয় । একজন স্বতন্ত্র প্রার্থী যার মনোনয়ন বাতিল হয়েছে তার লোকজন এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। 

এখানে বলে রাখা ভালো যে, স্বতন্ত্রপ্রার্থী বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন পত্র চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে গত ২ জানুয়ারি।

সেই সাদিক আব্দুল্লাহর নাম উচ্চারণ না করে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন,"বাতিল হওয়া ওই প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাকে চেপে বসে বরিশাল পাঁচ আসনে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।"

নৌকা প্রার্থী শামীম বলেন,ট্রাক মার্কার প্রার্থী সালাউদ্দিন রিপন একজন সহজ সরল ব্যক্তি। তার মাথায় এসব কুট বুদ্ধি নেই। মনোনয়ন বাতিল হওয়ার পর সাদিকের সমর্থকরা যে মুহূর্তে রিপনের সঙ্গে যোগ দিয়েছে অমনি বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তিনি অবহিত হয়েছেন এসব সন্ত্রাসী কর্মকান্ড ওইসব নেতা কর্মীরা এক পুলিশি ব্যক্তির সহায়তায় করে যাচ্ছেন ,যেন সব দোষ বিএনপি এবং নৌকা প্রার্থীর উপর চাপায়।

খবরে বলা হয়েছে ৪ঠা জানুয়ারি আওয়ামী লীগ নেতা মাহবুবউদ্দিন বীর বিক্রমের নেতৃত্বে সাদিক আব্দুল্লাহর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সাথে যোগ দেন। শুক্রবার রাতে সালাউদ্দিন রিপনের বাড়িতে হামলা এবং কয়েকটি ভোটকেন্দ্রে আগুন লাগানো হয়। রিপন শনিবার সকালেই এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের দোষারোপ করেন। সেই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন বীর বিক্রমও উপস্থিত ছিলেন। এর পাল্টা সংবাদ সম্মেলনে নৌকা মার্কার প্রার্থী শামীম এ ঘটনার জন্য সাদিক সমর্থকদের দোষারোপ করেন।

ভোট বর্জনের ডাক দেওয়া বিএনপি সহ বিরোধী দলগুলো বারবার অভিযোগ করে আসছে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গোরা ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, প্রার্থীদের বাড়িতে হামলা, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। বরিশাল-৫ আসনের নৌকা প্রার্থী জাহিদ ফারুক শামীম সংবাদ সম্মেলন করে সেই সত্যতা প্রমাণ করলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন,'তার কাছে খবর আছে লন্ডন থেকে নির্দেশ আসছে ভোটের আগে বাংলাদেশে নাশকতা হতে পারে।'

জবাবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছিলেন, তার কাছে খবর আছে সরকারি দল বিভিন্ন কোর্ট কেন্দ্রে অগ্নিসংযোগ করে এবং প্রার্থীদের ওপর হামলা করে দোষ জবাবে বিরোধী দল বিএনপির উপর।"

নির্বাচন কমিশন বলে আসছিল যারা ভোটদানে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিয়েছে জাতি জানতে চায়।

গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। কোন কোন স্থানে প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে এসব ঘটনার পরে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন