Logo
Logo
×

সংবাদ

নির্বাচনে উড়ছে টাকা, প্রার্থীদের টাকা বিলানোর ভিডিও ভাইরাল হচ্ছে 

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৬ এএম

নির্বাচনে উড়ছে টাকা, প্রার্থীদের টাকা বিলানোর ভিডিও ভাইরাল হচ্ছে 

একদিন পর আগামীকাল রবিবার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উড়ছে টাকা। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন ভোটের মাঠে টাকা নিয়ে নামার কথা। কোথাও আওয়ামী লীগের প্রার্থী, কোথাও স্বতন্ত্র প্রার্থীদের টাকা বিলানোর ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘একেকজন প্রার্থী কেউ হাজার কোটি টাকার মালিক। কেউ আবার শতকোটি টাকার মালিক। নির্বাচনে ব্যবসায়ীদের প্রাধান্য হওয়ায় টাকা ছড়ানোর ঘটনা বাড়ছে। এটি এখন স্বাভাবিক হয়ে গেছে বাংলাদেশে। তবে জনগনও চালাক হয়ে গেছে। প্রার্থীরা টাকা দিলে ভোটাররা নেয় কিন্তু তাদের অনেকে আবার ভোট দেয় না। জনগণ যোগ্য লোককে ভোট দেবে বলে আশা করি।’

শুধু প্রার্থীরাই টাকা ছড়াচ্ছে না। সরকারও নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রিজাইডিং-পোলিং অফিসারসহ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের দু’দিনের সম্মানী ভাতা দেয়া হবে। এর ফলে আগের নির্বাচনের তুলনায় এবারে ব্যয় হচ্ছে দ্বিগুণেরও বেশী অর্থ। প্রাথমিকভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রায় দেড় হাজার কোটি টাকা খরচের কথা বলা হলেও শেষ পর্যন্ত এই নির্বাচনের ব্যয় দু হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

বৃহস্পতিবার রাতে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘ভোট আপনাদের, কোনো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না, আমিও করবো না। টাকার বিনিময়ে আপনারা দয়া করে ভোট দেবেন না। বস্তায় বস্তায় টাকা নিয়ে ভোট কেনার জন্য অনেক প্রার্থী রাস্তায় নেমেছেন। কিন্তু, আমি কোনো ভোট কিনবো না, কিনিও নাই।'

সম্প্রতি লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খান টাকা বিতরণ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাঞ্চনপুর গ্রামে নির্বাচনী কেন্দ্রের সামনে টাকা বিতরণের ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, তিনি যুবলীগ নেতা শেখ কাউসারের কাছে ৫ হাজার টাকা দিচ্ছেন। ভিডিওটি প্রথমে কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ কাউসারের ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। এরপর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও পরে কাউসার ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, আনোয়ার খান পকেট থেকে টাকা বের করে কাউসারকে দিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায় ৫ হাজার টাকা দিয়েছি, হবে?

২৫ ডিসেম্বর এক নির্বাচনী জনসভায় বক্তব্যকালে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক অভিযোগ করে বলেছেন, ‘ভোটারদের প্রলুব্ধ করতে বিপুল পরিমাণ কালো টাকা ছড়ানো হচ্ছে। ৭ তারিখে ফরিদপুরের মানুষ প্রমাণ করবে তারা টাকার কাছে বিক্রি হয় না। 

পরে ২ জানুয়ারি বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শুনেছি অনেক প্রার্থী টাকা ছড়াচ্ছেন, তাতে কী, গরিব মানুষ টাকা পাচ্ছেন। তবে টাকা দিয়ে মানুষ কেনা যায় না, ফরিদপুরের মানুষ টাকায় বিক্রি হয় না। এ মাটি বঙ্গবন্ধুর মাটি ও নৌকার ঘাঁটি।’

সম্প্রতি নারায়ণগঞ্জ-১ আসনের একজন প্রার্থীর বাসভবনে ভুড়িভোজ করিয়ে প্রত্যেককে এক হাজার টাকা করে বিতরণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভোটের লড়াইয়ে টাকার খেলার বিষয়টি নতুন করে সামনে এসেছে। এ ভিডিওটি প্রকাশ করে অপর এক প্রতিদ্বন্ধী প্রার্থী বলেন, 'এদেশের অনেক মানুষ যারা স্বচ্ছল না, তাদের যদি এভাবে খাইয়ে-দায়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়, তাহলে এটাতো আচরণ বিধি লক্সঘন হয়। বিষয়টা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে। দেখা যাক কী হয়?' এ বিষয়ে নির্বাচন পর্যবে¶করা বলছেন, ‘এ ধরণের স্বল্প সংখ্যক ঘটনা প্রকাশ পেলেও আড়ালে-আবডালে শত শত ঘটনা ঘটছে। ভোটের দিন ঘনিয়ে আসায় এ ধরনের টাকা ব্যবহারের বিস্তার বেড়েছে। যা ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।’

দেশের নির্বাচনে বাস্তবে কী পরিমাণ অর্থ ব্যয় হয়, সে ব্যাপারে সরকারি কোনো গবেষণা নেই। তবে বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণা বলছে, ‘নির্বাচনী অর্থনীতির আকার ১২ হাজার কোটি টাকার বেশি। প্রতি নির্বাচনেই এ হার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে।’ 
এদিকে নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণের সঙ্গে জড়িত গোয়েন্দা কর্মকর্তারা জানান, মনোনয়ন পাওয়ার আগেই বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেন প্রার্থীরা। মনোনয়ন পেতে প্রকাশ্য ও গোপনে নানা ধরনের তৎপরতা চলে। এক্ষেত্রে  দলের শীর্ষ পর্যায়ে মোটা অঙ্কের চাঁদা দেওয়ার অভিযোগও আছে। উন্নয়নের জন্য ব্যক্তি বা দলীয় পরিসরে অর্থায়ন। এছাড়াও ক্লাব, সমিতি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে দিতে হচ্ছে অর্থ।

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ। স্থানীয় ভোটার ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, এই আসনের নির্বাচনী প্রচারে চলছে টাকার খেলা। কম-বেশি প্রত্যেক প্রার্থীই মাঠে আধিপত্য ধরে রাখতে এবং স্থানীয় দলীয় নেতাদের নিজেদের বলয়ে যুক্ত করতে টাকা খরচ করছেন। এ ছাড়া অনুসারী নেতাকর্মী ও সাধারণের মাঝেও নানা পন্থায় টাকা ছড়ানো হচ্ছে। এমপি মোয়াজ্জেম হোসেন রতন জানান, প্রচুর টাকা ছড়ানো হচ্ছে এ কথা সত্য। এর আগে এত টাকার ছড়াছড়ি দেখেননি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানো দরকার।

সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এটা তো আসলে নির্বাচন নয়, টাকার খেলা। রাজনীতি হয়ে গেছে ব্যবসা। এখন যা খরচ করছে কয়েকগুণ তুলে নেবে প্রার্থীরা এমপি হলে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন