ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের বাড়ীতে পুলিশের গুলিবর্ষণের অভিযোগ
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়ীতে পুলিশ গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত দেড়টার সময় কয়েকটি গাড়ীতে পুলিশ এসে ঢাকা জেলার নবাবগঞ্জে আবু আশফাকের বাড়ী ঘেরাও করে। পরে তার বাড়ীর লোহার গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলে বাড়ী লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বৃহস্পতিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা নবাবগঞ্জ বাজারে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণকালে তার অদূরে আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান নৌকার পক্ষে গণসংযোগ করছিলেন। তখন সেখান থেকেই নৌকা প্রার্থী এসপিকে আজ রাতের মধ্যেই আমাকের আটকের নির্দেশ দেন। উনার নির্দেশেই আমার বাড়ীতে পুলিশ গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেন আবু আশফাক।
লিফলেট বিতরণকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
