Logo
Logo
×

সংবাদ

এবার টকশোতে আওয়ামী লীগকে বর্জন করতে যাচ্ছে বিএনপি

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ এএম

এবার টকশোতে আওয়ামী লীগকে বর্জন করতে যাচ্ছে বিএনপি

৭ জানুয়ারির নির্বাচনের প্রতিবাদে এবং প্রহসন ও ভাগবাটোয়ারার এ নির্বাচন বর্জনে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপিসহ বিরোধীদলগুলো। রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ করছে বিএনপি, জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। পাশাপাশি আইনজীবীরা আদালত বর্জণ কর্মসূচি পালন করছেন। সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালতেই আইনজীবীরা আদালত বর্জণ কর্মসূচি পালন করছেন। এবার আওয়ামী লীগকে টেলিভিশন টকশোতে বর্জনের চিন্তাভাবনা করছে বিএনপিসহ বিরোধীদলগুলো। বিএনপির একাধিক নেতার সাথে আলাপ করে এমন মনোভাবের কথা জানা গেছে। ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে শিগগিরই তারা এমন অবস্থানে যেতে পারেন বলে জানা গেছে।

বিএনপি নেতারা মনে করেন, টেলিভিশনের টকশোতে গিয়ে আওয়ামী লীগ বা এ নির্বাচনের পক্ষে আছে এমন রাজনৈতিক দলের নেতা বা তাদের সমর্থক বুদ্ধিজীবীদের সাথে কথা বলা অর্থহীন। তারা মনে করেন, ভাগবাটোয়ারার ও প্রহসনের নির্বাচন নিয়ে তাদের সাথে কথা বলার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে সাফাই গাওয়ার সুযোগ দেয়া। তারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি মাঠের কর্মসূচিকেই প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি নিজস্ব প্রচার মাধ্যমে বিএনপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরছেন। নির্বাচন সমর্থকদের সাথে টকশোতে অংশ না নিলে আওয়ামী লীগ নেতা ও বুদ্ধিজীবীরা হীনমন্যতায় ভুগবেন, এটা তাদেরকে সামাজিকভাবে একঘরে করে দেয়ার মতো বিষয় হবে বলে মনে করছেন নেতারা।

টকশোতে অংশগ্রহণকারী বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ নেতারা টকশোতে এসে যেভাবে আক্রমনাত্মকভাবে কথা বলেন তা বিব্রতকর। ক্ষমতার দাপটটা তারা টেলিভিশনের পর্দায়ও দেখিয়ে ফেলেন।এছাড়া কয়েকটি টেলিভিশনের উপস্থাপক নিরপেক্ষতার ভান ধরে আওয়ামী লীগকে কথা বলার ক্ষেত্রে বেশি সুবিধা বা অগ্রাধিকার দিয়ে থাকেন। তারা বলেন, আওয়ামী লীগ নেতা বা তাদের সমর্থকরা অযৌক্তিক কথামালা নিয়ে টকশোতে হাজির হন, যে কোন আলোচনার ক্ষেত্রেই তারা ঘুরেফিরে 'উন্নয়ন' প্রসঙ্গ নিয়ে আসেন। তারা বলেন, বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করায় বেসরকারি দু’টি চ্যানেলে বিএনপির কোন নেতা টকশোতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি কাজে লেগেছে।

বিএনপি নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে আওয়ামী লীগ নেতারা শুধু বক্ততাতেই নয় টেলিভিশনের টকশোতে গিয়েও অশ্রাব্য ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে থাকেন। আওয়ামী লীগ সভাপতি কিংবা বঙ্গবন্ধু বা তার পরিবারকে নিয়ে বিএনপি সচেতনভাবেই আপত্তিকর কোন মন্তব্য করে না বা তাদের সমালোচনার বিষয়টি এড়িয়ে যান। শেখ হাসিনার যে সমালোচনা হয় তা ব্যক্তি শেখ হাসিনার সমালোচনা নয়, সরকার প্রধান শেখ হাসিনার সমালোচনা, কিন্তু আওয়ামী লীগের নেতা ও বুদ্ধিজীবীরা তারেক রহমান এমনকি খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে নিয়মিতই আপত্তিকর কথা বলছেন, এর  প্রতিবাদ করলে তারা আক্রমণাত্মক হয়ে উঠছেন।

বিএনপির একাধিক নেতা বলেছেন, তারা গণমাধ্যম বা টকশো বর্জন করবেন না, শুধু আওয়ামী লীগ বা তাদের সমর্থকদের সাথে এ মূহুর্তে বসবেন না, বিএনপি তাদের সমমনা কিংবা গঠনমূলক আলোচনা-সমালোচনা করেন এমন ব্যক্তিদের সাথে টকশো বা টেলিভিশনের আলোচনায় যাবেন, আওয়ামী লীগ তাদের সমর্থকদের সাথে যে কোন ফোরামে আলোচনা বা কথাবার্তাকেই তারা অপ্রয়োজনীয় মনে করছেন। বিএনপির নীতি হচ্ছে 'প্রহসনের নির্বাচনের ব্যাপারে কোন কথা নয়'। আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মত তাদের বক্তব্য একতরফা প্রচার করুক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন