সরবরাহ ঠিক রেখে রমজান মাসে পণ্যের দাম ঠিক রাখা হবে : বাণিজ্য সচিব
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০২:২৯ এএম
আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে জোর দেওয়া হচ্ছে পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা যেনো ঠিক মতো পণ্য আমদানি করতে পারে সে জন্য ডলার সরবরাহ, জিরো মার্জিন ও এলসি খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবারের সভায় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার চিঠি দেয়া হবে।
তিনি বলেন, রমজান মাসে বাড়তি চাহিদার কারণে বাজারে যেন পণ্যের কোন সঙ্কট তৈরি না হয়, সেই লক্ষ্যে বাড়তি নজরদারি করবে সরকার। একইসাথে জোর দেয়া হচ্ছে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও। এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা পণ্যের মজুত, আমদানি এবং এলসির তথ্য সংগ্রহ করছি এবং নির্বাচনের পরপরই স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করবো।
বাণিজ্য মন্ত্রণালয় সাধারণত প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য তদারকিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে
