নির্বাচনে নামে বিরোধী দল দমন : আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী বাজেটের ৫৩.৯ শতাংশ খরচ হবে
রশিদ খান
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১১:২৬ পিএম
বিরোধী দল দমনের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় মোট বরাদ্দের ৫৩.৯ শতাংশ ব্যয় করা হবে। নির্বাচনে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৭৬ কোটি টাকা। এর মধ্যে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১ হাজার ২২৫ কোটি টাকা খরচ হবে। নির্বাচন আয়োজনের জন্য মোট ২০টি খাতে অর্থ ব্যয় করে নির্বাচন কমিশন। বাজেটের অবশিষ্ট ১০৫০ কোটি টাকা দিয়ে ১৯টি খাতের ব্যয় মিটানো হবে। নির্বাচন কমিশন থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠির সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০টি খাতে ব্যয় করা হবে। এর মধ্যে ১৭টি খাতের ব্যয় দ্বিগুণ কিংবা তারও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একটিতে ব্যয় কমানো ও দুটিতে বিদ্যমান বাজেট বহাল রাখার কথা বলা হয়েছে।
ইসির হিসাব অনুযায়ী, সারা দেশে একযোগে এই নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রতি আসনে ৭ কোটি ২২ লাখ ৬১ হাজার ৫৪ টাকা খরচ নির্ধারণ করেছে। এই হিসেবে ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ১৩৯ টাকা ব্যয় হবে। দেশে কোনো একটি সংসদ নির্বাচন আয়োজনে ব্যয়ের দিক থেকে এটি নতুন রেকর্ড। এবারের ভোটে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে বাকি ১ হাজার ৫০ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা ব্যয় হওয়ার কথা জানিয়েছে কমিশন। ফলে এই নির্বাচন অনুষ্ঠানে ব্যয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে।
তবে দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত এই ব্যয় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে বাড়তি ব্যয় চলতি অর্থবছরের বাজেটের চূড়ান্ত সংশোধনীতে সমন্বয় করা হবে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে মোট ব্যয় হয়েছিল ৭৫০ কোটি টাকা। দ্বাদশ নির্বাচনে একাদশ জাতীয় নির্বাচন থেকে ২০৩ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে । তবে একাদশ নির্বাচনে মোট ব্যয়ের মধ্যে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর পেছনে তখন খরচ হয় ৪৫০ কোটি ও বাকি ৩০০ কোটি টাকা ব্যয় হয় কমিশনের নির্বাচন পরিচালনা কাজে। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট খরচ হয় প্রায় তিনশ কোটি টাকা।
নির্বাচন সংক্রন্ত ইসির বাজেট পর্যালোচনায় দেখা গেছে, জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটারদের অবহিতকরণসহ কমিশনের উদ্দেশ্য পূরণে যে প্রচার হবে এবং এক্ষেত্রে বিজ্ঞাপন বাবদ মোট খরচ আগের তুলনায় ব্যয় ৭ গুণ বৃদ্ধি করা হয়েছে।
ইসির নির্বাচনী ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত মূল বাজেটে অনুমোদিত বরাদ্দ ছিল ৪৮ কোটি ৬২ লাখ ২৩ হাজার টাকা। সংশোধিত বাজেটে সেটি ৪ গুণ বাড়িয়ে ২৩৯ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এখানে ভোটকেন্দ্র প্রস্তুতকরণ কাজে কেন্দ্রের পরিবর্তে কক্ষপ্রতি বরাদ্দের প্রস্তাব করা হয়।
ইসির বাজেটে, পেট্রোল অয়েল ও লুব্রিকেন্টে ২১৭ কোটি ২২ লাখ টাকা, মুদ্রণ ও বাঁধাইয়ে ১১৫ কোটি ১৬ লাখ টাকা, মনিহারিতে ৩১৮ কোটি ৬৭ লাখ টাকা, সম্মানী ভাতায় ১১৯ কোটি ৬৮ লাখ টাকা, শ্রমিক মজুরি ২৫ কোটি ৮ লাখ টাকা, ভেন্যু ভাড়া ১০ কোটি ৬০ লাখ টাকা, পরিবহন ব্যয় ৮৫ কোটি ১২ লাখ টাকা, যন্ত্রপাতি ও সরঞ্জামাদিতে প্রায় ১০ কোটি টাকা, স্ট্যাম্প ও সিলে ২২ কোটি ৪৮ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
মূলত এসব ব্যয় সর্বোচ্চ ৭ গুণ পর্যন্ত বাড়িয়ে ভোট সংশ্রিষ্ট কর্মকর্তাদের আর্থিক প্রনোদনা দেওয়া হচ্ছে। ঝুকি সত্তেও যাতে তারা নির্বচন পরিচালনা কাজে সংশ্লিষ্ট থাকেন।
দায়িত্ব পালনের সময়কার ব্যয় মেটাতে নির্বাচন কমিশনের কাছ থেকে ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। যা পাঁচ বছর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট খরচের প্রায় দ্বিগুণ। আর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ব্যয়ের অর্ধেকের বেশি।
বিরোধী দলবিহীন নির্বাচনে আইনশৃঙ্খলা ও অন্যান্য খাতে এত টাকা খরচ হওয়া উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৮ সালের নির্বাচনে যেখানে মোট ৭৫০ কোটি টাকা ব্যয় হয়েছিল সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা খাতেই ১২২৫ কোটি টাকার বিশাল ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
আগের নির্বাচনগুলোতে যত ব্যয় হয়েছিল
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩০শে ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনার জন্য মোট ৭৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। এর আগে ২০১৪ সালের ৫ই জানুয়ারির ভোটে মোট ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে নির্বাচন পরিচালনায় ৮১ কোটি ৫৫ লাখ টাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে ব্যয় হয় ১৮৩ কোটি টাকা। এ নির্বাচনে ১৪৭ আসনে ভোট হয়, ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা। অর্ধেক এলাকায় ভোট করতে হওয়ায় বরাদ্দের তুলনায় খরচ অনেক কমে আসে। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ১৬৫ কোটি টাকা ব্যয় হয়; যাতে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখের বেশি। উপকরণ ও ব্যবস্থাপনাসহ সব খাতে ব্যয় বাড়ার কারণে ধীরে ধীরে নির্বাচনী বরাদ্দও বাড়ে। এ ছাড়া অষ্টম সংসদ নির্বাচনে ৭২ কোটি ৭১ লাখ টাকা, সপ্তম সংসদ নির্বাচনে ১১ কোটি ৪৭ লাখ টাকা, ষষ্ঠ জাতীয় নির্বাচনে ৩৭ কোটি টাকা, পঞ্চম সংসদ নির্বাচনে ২৪ কোটি ৩৭ লাখ টাকা, চতুর্থ সংসদ নির্বাচনে ৫ কোটি ১৫ লাখ টাকা, তৃতীয় সংসদ নির্বাচনে ৫ কোটি ১৬ লাখ টাকা, দ্বিতীয় সংসদ নির্বাচনে ২ কোটি ৫২ লাখ টাকা এবং ১৯৭৩ সালের ৭ই মার্চ ৩ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬৪২ জন ভোটারের প্রথম জাতীয় নির্বাচনে ব্যয় হয়েছিল ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
