Logo
Logo
×

সংবাদ

ড. ইউনুসের সাজা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দেবে 

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ এএম

ড. ইউনুসের সাজা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দেবে 

 

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে সাজা দেওয়ার ঘটনায় দেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষ ব্যথিত হবে। বাংলাদেশ সম্পর্কে বিশেষ বার্তা দেবে। কারণ ইউনুস বিশ্বের দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শান্তিতে নোবেল পাওয়ার পর খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় এক অনুষ্ঠানে ইউনুসের ভূয়সী প্রশংসা করেছিলেন। হঠাৎ করে কি হলো, কেমনে হলো তা বোধগম্য নয়। শ্রম আদালতে ইউনুসের সাজা ভালো চোখে নেননি দেশের বিশিষ্টজনরা।
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন,  আজকে যাদের কারণে সারাবিশ্ব বাংলাদেশকে চেনে ও সম্মান করে তাদের মধ্যে অন্যতম হলেন ইউনুস। তাকে সাজা দেওয়ার এ বার্তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়াবে। নিম্ন আদালত একটি রায় দিয়েছে আশা করি উচ্চ আদালতে উনি সুষ্ঠু বিচার পাবেন। 

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘নোবেল জয়ী ইউনুসের বিরুদ্ধে যে সাজা আদালত দিয়েছে তাতে অনেকের মতোন আমি নিজেও ব্যাথিত হয়েছি। কারণ ইউনুস আমাদের বাংলাদেশের গর্ব। যে দেশে গুণী জনের সম্মান নেই সে দেশে গুণীজন জন্মায় না। নোবেল জয়ের পর আমেরিকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের প্রশংসা করে বলেছিলেন, ড. মুহাম্মদ ইউনুস সৃষ্টিকর্তা প্রেরিত এমন একজন ব্যক্তি যিনি দেশের গরিব মানুষের জন্য কাজ করছেন। আজকে কি এমন হলো, কেনো হলো বোধগম্য নয়।’    

রায়ের পরে আদালতের বাইরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়া ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম।’

এদিকে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ড. মুহাম্মদ ইনূসকে ফরমায়েশী রায়ে আজ ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত। এই গনভবনের রায়ে পুরো জাতি লজ্জিত।  প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহত ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকী দেয়ার ঘটনা প্রমাণ করে।’

তিনি বলেন, ‘২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকী দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে। দেশে আওয়ামী লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋন খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে।’

ড. ইউনূসের বিরুদ্ধে সাজার রায়ের পর এজলাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধিকারকর্মী আইরিন খান গণমাধ্যমকে বলেন, ‘এখানে কাদের বিচার করলেন? এই বিচারের মানে কি? আজ বছরের প্রথম দিন। কিন্তু এই দিনে এই খবর (সাজা) শুনে আমাদের সারা শরীর শিউরে উঠছে। ন্যায়বিচারের নামে এভাবে যদি বিচার করা হয় তাহলে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। ন্যায়বিচারের নামে একটা হাস্যকর ব্যাপার দেখলাম।’

তিনি বলেন, ‘আমাদের দেশে কত রকমের অন্যায় হচ্ছে। আপনারাও জানেন। মানুষকে গুলি করেও মারা হয়েছে। সেসবের কোনো বিচার নেই। কিন্তু ওনারা এখানে কি মামলা নিয়ে এসেছেন। ডিফেন্সপক্ষকে (আসামিপক্ষ) তো আইনটাকে বিশ্লেষণের সুযোগ দেওয়া হয়নি।’

আইরিন খান আরও বলেন, ‘তিনি (ড. ইউনূস) একজন নোবেল বিজয়ী। এই মানুষটি আমাদের সবাইকে গর্বিত করেছেন। কিন্তু তার বিরুদ্ধে এ ধরনের একটা রায় হলো।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে একজন কি আছেন, যিনি এই বিচারের পক্ষে বলেছেন। সবাই বলছেন এটা অন্যায়। এখন গায়ের জোরে এখানে অন্যায়কে ন্যায় বানিয়ে একজন নোবেল বিজয়ীর সঙ্গে এ ধরনের আচরণ হাস্যকর।’

গত বছরের মে মাসে বিশ্বের ৪০ জন রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একই ধরনের খোলা চিঠি দিয়েছিলেন। খোলা চিঠিতে যাদের নাম ছিল তাদের মধ্যে কয়েকজন হলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন ও ইরানের নোবেল জয়ী শিরিন এবাদি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেছিলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এখানে সবকিছু আইনমতো চলে। এ দেশে বিচারাধীন বিষয়ে আমরা কথা বলি না।’

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ-লিপিতে স্বাক্ষর করতে হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মকর্তাদের আহ্বানজানায়। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া ওই বিবৃতিতে স্বাক্ষর না করায় পরবর্তীতে তাকে বরখাস্ত করা হয়।

এর আগে ২১ ডিসেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ওইদিন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, এ মামলার সাক্ষীদের বর্ণনায় ড. ইউনূসসহ অন্যরা সংশ্লিষ্ট আছেন এমন কোনো বর্ণনা নেই। তাদের বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই। মামলার আর্জিতে কোথাও আসামিরা অপরাধী এমন কোনো অভিযোগ নেই।

আজকে বিকেল তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা শ্র্রম আইন লক্সঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামি পক্ষের আইনজীবীরা এক নম্বর আসামির বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। তাকে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা নোবেলজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে। এসময় আদালত বলেন, ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লক্সঘনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

দিকে ইউনূসের রায় ঘোষণাকে কেন্দ্র করে শ্রম আদালত ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রায় শুনতে আদালতে উপস্থিত হন আলোকচিত্রী শহিদুল আলম, তার স্ত্রী একটিভিস্ট রেহনুমা আহমেদ, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও ব্যারিস্টার সারা হোসেন। আলোচিত এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিজয় নগরের টাপা প্লাজায় শ্রম আদালত ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। রায়ের খবর সংগ্রহ করতে দেশের বিপুল সংখ্যক সংবাদকর্মীর পাশাপাশি বিবিসি, আল জাজিরা, ডয়চে ভেলেসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিও উপস্থিত হন।

গত ২৪ ডিসেম্বর শ্রম আইন লক্সঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে ও বিপক্ষেযুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন মামলায় রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি (আজ) দিন ধার্য করা হয়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন