Logo
Logo
×

সংবাদ

কেন্দ্রে ভোটার আনার শর্তে আটকে আছে আনসারদের মাসিক ভাতা!

Icon

অর্নব লাহিরী

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম

কেন্দ্রে ভোটার আনার শর্তে আটকে আছে আনসারদের মাসিক ভাতা!

চলতি বছর নভেম্বর থেকে নিয়মিত মাসিক ভাতাপ্রাপ্ত প্রায় ৫ লাখ আনসার সদস্য, কমান্ডার, দলনেতা ও দলনেত্রীর দেনাপাওনা আটকে আছে জাতীয় নির্বাচনের কারণে। সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‌‘দক্ষতা’ দেখাতে পারলে বেতন-ভাতা পাওয়া যাবে। আর এখানে দক্ষতা বলতে বোঝানো হচ্ছে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে প্রথম থেকে আনসারদের জন্য মাসিক ভাতা বরাদ্দ রাখা হয়েছে।

সূত্র বলছে, আনসার সদস্যরা ১১৬২টি পয়েন্টে বিএনপি ও বিরোধী দলের হরতাল-অবরোধে পাহারা দিচ্ছে। এ বাবদ তাদের খোরাকি হিসেবে অতিরিক্ত ৩৫ কোটি টাকা ছাড় করার কথা। গত সপ্তাহে অর্থ বিভাগের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটের সভায় এ বিষয়ে কথা হয়। তবে আনসারদের খেরাকি ব্যয়ের এ প্রস্তাব অর্থ বিভাগের পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে।

মাসিক ভাতাপ্রাপ্ত ৫ লাখ আনসার সদস্যদের নিয়মিত মাসিক ভাতা কেন দেওয়া হচ্ছে না, এ বিষয়ে সভায় থাকা অর্থ বিভাগের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের সময় ভোটারদের কেন্দ্রে আনার বিষয়টিকে আনসারদের ভালো দক্ষতা হিসেবে দেখা হচ্ছে। এ শর্তে মাসিক ভাতা বন্ধ রাখা হয়েছে বলে শুনেছি। এটা কী ধরনের শর্ত! এ ধরনের শর্ত দিয়ে মাসিক ভাতা বন্ধ করা উচিত নয়।

তিনি বলেন, তাদের বেতন-ভাতা বাবদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থ অন্য খাতে ব্যয় করতে পারে না।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে নিয়মিত এবং অনিয়মিত প্রায় ৬১ লাখ আনসার সদস্য রয়েছে। এদের পরিবারের সদস্য যেমন মা-বাবা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়িসহ প্রতি পরিবার থেকে ৫ জন ভোটার ধরে হিসাব করা হয়েছে। এদের বাধ্যতামূলক ভোটকেন্দ্রে আনার পরিকল্পনা নেয়া হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এতে ৬১ লাখ আনসার সদস্যের প্রতি পরিবারে ৫ জন করে মোট ৩ কোটি ৫ লাখ ভোটার কেন্দ্রে উপস্থিত করার নির্দেশ দেয়া হয়। এ জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে চাকরিরত আনসার সদস্যদের পরিবারের ভোটার তালিকার ডেটাবেইস সংগ্রহ করে তা জেলা আনসার অফিসে জমা দেয়া হয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা ভোটার তালিকা ধরে ধরে যাচাই-বাছাই করবে যে সদস্যদের পরিবারের লোকজন ভোট দিতে আসলো কিনা।

আওয়ামী লীগ সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা খাতে প্রায় ২১০ কোটি ৩৯  লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছর সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ১৮৭ কোটি ৮৮ লাখ টাকা ।

আওয়ামী লীগ সরকার বিএনপি ও বিরোধী দলের হরতাল ও অবরোধ ঠেকাতে ‘অপারেশন অব সেফ ট্রান্সপোর্টেশন’ কর্মসূচির আওতায় আনসারদের দেশের ১১৬২টি পয়েন্টে বসিয়েছে। মাত্র দুই দিনে ( ১৫ ও  ১৬ নভেম্বর) সরকারের এ বাবদ খরচ ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ টাকা। একই মাসে একই কর্মসূচির আওতায় আরো দুই দিন (২৯ ও ৩০ নভেম্বর) সরকারের খরচ ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা ।

একই কর্মসূচিতে আরো দুই দিনে (৩ ও ৬ ডিসেম্বর) সরকার খরচ ধরা হয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা। এসব খরচের প্রেক্ষিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর অতিরিক্ত ৩৫ কোটি টাকার প্রস্তাব দেয়।

সূত্র জানায়, সারা দেশে ১০ হাজার আনসার কর্মী মোতায়েন করা হয়েছে। যাদের কাজ হলো রেলস্টেশন, বাস স্টপ এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা রক্ষা করা এবং বিরোধীদের দেশব্যাপী বিক্ষোভের সময় পুলিশকে সহায়তা করা। 

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে প্রায় ৬ লক্ষাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মাঠ পর্যায়ে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। নির্বাচনের  প্রায় ৮ মাস আগে থেকেই তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

গত জুলাই মাসে প্রতিটি জেলা আনসার কমান্ড্যান্টের তত্ত্বাবধানে ২১ দিনব্যাপী অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রদান করা হয়। তবে প্রশিক্ষণ শেষ হওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও এখনো তাদের সনদপত্র প্রদান করা হয়নি।

স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ দুটি বাহিনীই আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। ১৯৭৬ সালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র (এনএটিসি) প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে এর নামকরণ হয় আনসার ট্রেনিং স্কুল। ১৯৮৬ সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমিতে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে এর নামকরণ হয় আনসার-ভিডিপি একাডেমি। বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন-১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫- দ্বারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন