Logo
Logo
×

সংবাদ

সন্ত্রাসে এগিয়ে আওয়ামী লীগ

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

সন্ত্রাসে এগিয়ে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তার দলের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তৃতায় বলেছেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। এই দলের রাজনীতি করার অধিকার নেই।’ যদিও তার সেই জনসভা চালাকালীন নিজ দলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আসছে ৭ জানুয়ারি তার ছকে সাজানো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিভিন্ন পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। এতে হতাহতের ঘটনা ঘটছে; অগ্নিসংযোগ, ভাঙচুর চলছে। সেসব ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। ঘটনায় জড়িত, অভিযুক্ত, ক্ষতিগ্রস্তদের নামও পাওয়া যাচ্ছে। যাদের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাহলে প্রশ্ন হলো, এত সংঘাত-সংঘর্ষে জড়িয়েও কেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয় আর বিএনপি সন্ত্রাসী দল।

প্রধানমন্ত্রী ওই জনসভায় বলেছেন, ‘বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ, তারা মানুষ পোড়ায়। মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর ওদের রাজনীতি মানুষ পোড়ানো। তাদের কি মানুষ চায়? মানুষ তাদের চায় না।’

কোথায়, কোন ঘটনায় মানুষ পুড়িয়ে হত্যা করেছেন বিএনপি নেতাকর্মীরা তার বিস্তারিত তথ্য-প্রমাণ, তদন্ত, আদালত কর্তৃক দেয়া রায়ের কিছুই কিন্তু প্রধানমন্ত্রী কোনোদিন বলেননি। তার মুখ থেকে শুধু এ কথা আমরা শুনছি যে, বিএনপি আগুন দিয়ে মানুষ মেরেছে। সর্বশেষ একটি ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যার দায়ও দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। যদিও বিএনপির প্রায় সব নেতা জেলে অথবা পলাতক। তাদের সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে পুলিশ। যেখানে যাকে পাচ্ছে গ্রেপ্তার করছে। এ অবস্থায় তাদের পক্ষে কোনো নাশকতা ঘটনো কতটা সম্ভব, সেই প্রশ্ন আছে। যদি তারা ওই নাশকতায় জড়িত থাকেও, তাহলে তার তথ্য-প্রমাণ কই? গ্রেপ্তার কই? কিছুই নেই। তারপরও প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলছেন এবং তার জনসভায় সংঘর্ষে মানুষ মেরে ফেললেও আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে জাহির করছেন।

খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে আগুন দেওয়া, ভোট জালিয়াতি, পিটিয়ে হত্যার মতো অসংখ্য ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও তারা সন্ত্রাসী দল হিসেবে বিবেচিত হচ্ছে না।

আন্তর্জাতিক গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলেও দেখা যায় সংঘাত-সংঘর্ষে এগিয়ে আওয়ামী লীগ। বিএনপিও সংঘাতে জড়িয়ে ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। তবে তথ্য-উপাত্ত বলছে আওয়ামী লীগ এসব ক্ষেত্রে তাদের ছাড়িয়ে গেছে।

যেমন ১৯৯১-২০১৮ পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কনফ্লিক্ট রিসার্চ গ্রুপ এবং মাইক্রোগভার্ন্যান্স রিসার্চ ইনিশিয়েটিভ সিআরজি। তাদের তথ্যে দেখা যায়, এ সময়ে আওয়ামী লীগ জড়িয়েছে ৩০.২ শতাংশ সহিংসতায়। তাতে আহত হয়েছে ৩৭.৭ শতাংশ মানুষ আর নিহত হয়েছে ২২.৩ শতাংশ। পক্ষান্তরে বিএনপি ২৫.২ শতাংশ সহিংসতা জড়িয়ে আহত করেছে ৩৪.৩ শতাংশ মানুষকে। আর তাদের হাতে নিহত হয়েছে ১৫.৬ শতাংশ।

এ ছাড়া ছাত্রসংগঠনগুলো সহিংসতার তথ্যে দেখা যায়, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা শহরে ছাত্রলীগ ২৫.৬ শতাংশ সংঘর্ষে জড়িয়েছে। যেখানে ছাত্রদলের সংঘর্ষের পরিমাণ ৭.৪। একই সময়ে ঢাকায় ছাত্রলীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে সংঘর্ষ করেছে ৩৩.৩ শতাংশ। যেখানে ছাত্রদলের এ ধরনের সংঘর্ষের পরিমাণ ১২.৭ শতাংশ।  

শুধু রাজনৈতিক দল হিসেবে যে আওয়ামী লীগ ত্রাস সৃষ্টিতে এগিয়ে তা নয়। তারা রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে গুম ও খুনের ক্ষেত্রেও ছাড়িয়ে গেছে সবাইকে।

সেন্টার ফর গর্ভনমেন্ট স্টাডিজ (সিজিএস) জানাচ্ছে, রাষ্ট্রীয় বাহিনীর জ্ঞাতসারে বা সম্পৃক্ততায় নাগরিকদের নিখোঁজ হয়ে যাওয়া বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। এই ধরনের ঘটনাকেই ‌‘গুম’ বলে সংজ্ঞায়িত করা হয়। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল বিশেষত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর নেতাকর্মীদের গুম ও খুনের ঘটনা ঘটে।

তারা বলছে, তবে ২০১০ সালের পূর্ব পর্যন্ত গুমের ঘটনা কখনও এতটা নিয়মিত এবং ব্যাপক আকারে সংঘটিত হতে দেখা যায়নি। সময়ের সাথে সাথে গুমের সংখ্যা বেড়েছে, এর পরিধি প্রসারিত হয়েছে, নানা শ্রেণি-পেশার নাগরিক এর শিকার হয়েছেন।

তাদের দেওয়া তথ্যে জানা যায়, দুটি মানবাধিকার সংস্থার দ্বারা সংগৃহীত ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যকার তথ্য গুমের প্রবণতা তুলে ধরে। অধিকার- এর মতে, মোট ৫২২ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ১৩৭ জন তখনও নিখোঁজ ছিলেন, ৬৭ জন নিখোঁজ ব্যক্তির লাশ পরবর্তীতে পাওয়া গিয়েছিল, এবং ৩১৮ জন ফিরে এসেছিলেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ২০১৩ সাল থেকে সরবরাহকৃত তথ্যের মাধ্যমে এই ঘটনাগুলোর হ্রাসবৃদ্ধির প্রবণতা তুলে ধরে। তাদের হিসেবে মোট ৩৮৭টি গুমের ঘটনার মধ্যে ২৩৫ জন নিখোঁজ রয়েছেন, যেখানে ৪৯ নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আলী রিয়াজ সম্পাদিত সিজিএসের আরেকটি বই থেকে জানা যায়, মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্য ও এর মধ্যে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলি পাশাপাশি রাখলে এটা দেখা যায় যে, ২০১৪ ও ২০১৮ সালের দুটো জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়ে গিয়েছিল। ২০১৩ সালে বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করছিল এবং জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক তাদের নেতাদের দন্ডাদেশের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ শুরু করেছিল। এ সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোরভাবে তা দমন করে ও নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। তারা দায়মুক্তিও পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচন সকল বিরোধী দল বয়কট করেছিল, ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচনে জয়লাভ করে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচন ও তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ আইন প্রয়োগকারী সংস্থার হাতে নজিরবিহীন মৃত্যুর ঘটনায় অবদান রেখেছে। অধিকার-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৪৬৬টি মৃত্যুর মধ্যে ৩৫৮টি মৃত্যুকে সরকারিভাবে ‘বন্দুকযুদ্ধ/ক্রসফায়ার’ হিসেবে উল্লেখ করা হয়। উল্লেখ্য যে, ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন এবং তার মিত্ররা ২৯৮টির মধ্যে ২৮৮টি আসন লাভ করে।

সাজানো দ্বাদশ সংসদ নির্বাচনে নেই কোনো বিরোধী দল। তারপরও তীব্র সংঘর্ষ চলছে। এ বিষয়ে সংবাদমাধ্যম জানাচ্ছে, গত ১৮ ডিসেম্বর নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর প্রথমদিন থেকে রোববার (২৪ ডিসেম্বর) পর্যন্ত সাত দিনে প্রায় ৪০টি আসনে অর্ধশতাধিক সংঘাতের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের, আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক। এসব সংঘাতে জড়াচ্ছেন মূলত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রে নৌকার প্রার্থীর সমার্থকদের দ্বারা স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থক ও নির্বাচনী প্রচারশিবিরে হামলার ঘটনা ঘটেছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতার দায়ও আওয়ামী লীগকে দিচ্ছে খোদ জাতিসংঘ। ওই সময়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে বলা হয়, চলমান এই সহিংসতায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্য, পথচারী ও বিরোধী দলের কর্মীরা রয়েছেন। গত ২৮শে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভকারীরা প্রধান বিচারপতিসহ অন্য কয়েকজন বিচারকদের বাসভবনে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ৩০ জন সাংবাদিক বিক্ষোভকারী ও মোটরসাইকেলে চড়ে আসা মুখোশধারী ব্যক্তিদের হাতে লাঞ্ছিত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এই হামলাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন