Logo
Logo
×

সংবাদ

নির্বাচনের আগে সক্রিয় কেন থিংক ট্যাংকগুলো?

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ এএম

নির্বাচনের আগে সক্রিয় কেন থিংক ট্যাংকগুলো?

৭ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে মানুষের নীরবতা ভাঙছে, একইসাথে এই নির্বাচন আর আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের লুটপাট, অর্থ পাঁচারের ব্যাপারে নানা তথ্য প্রমাণ প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন সংগঠন। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআই’বি নিয়মিত সরকারের দুর্নীতির চিত্র, অর্থনীতিতে নানা অনিয়মের চিত্র তুলে ধরছে। শেখ হাসিনার সরকার গত ১৫ বছর দেশের প্রায় সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার সব সময়ই এ সব অভিযোগকে নানাভাবে উড়িয়ে দেয়।

এবারের নির্বাচনটা হতে যাচ্ছে টাকার খেলার নির্বাচন। দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কোটিপতি প্রার্থী অংশ নিচ্ছেন। এবার নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ৫৭১জন কোটিপতি, এদের মধ্যে শতকোটিরও বেশি টাকার মালিক ১৮ জন। বছরে কোটি টাকার ওপরে আয় করেন ১৬৪ জন। আর মোট প্রার্থীর ৫৭ শতাংশের পেশাই ব্যবসা। কোটিপতি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২৩৫ জন, জাতীয় পার্টির ৪৭ জন, স্বতন্ত্র ১৬০ জন, জাসদের ৭ জন , তৃণমূল বিএনপির ৬ জন।

টিআইবি জানিয়েছে, ব্যবসায়ীদের প্রভাবে রাজনীতিকরা কোনঠাসা বা বিলুপ্তপ্রায়। প্রার্থীদের এতো সম্পদ বাড়ে কি করে এমন প্রশ্ন তুলে সংস্থাটি বলছে, এটা রাজনৈতিক দলগুলোর জন্য খুব বিপদজনক। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনীতি আর ব্যবসা মিলেমিশে একাকার হয়ে গেছে। ব্যাংকিং, পোশাক খাত , বিদ্যুৎ সেক্টর ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে।

রাজনীতিতে টাকার খেলার অভিযোগ পুরণো, কালো টাকা আর পেশী শক্তি নির্বাচনের সাথে মিলে মিশে একাকার। তবে গত ১৫ বছরে যেহেতু নির্বাচন নামের তামাশা হচ্ছে, নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই যেহেতু জয় সুনিশ্চিত তাই ব্যবসায়ীরা এখন এমপি হওয়ার দৌঁড়ে সামিল হচ্ছেন। যে টাকা খরচ করে নির্বাচন করেন উসুল করে নেন তার কয়েক গুণ। জনগণের অর্থের যথেচ্ছ অপচয় হচ্ছে। আর সরকারের লোকদেখানো মেগাপ্রকল্প হয়ে উঠছে দুর্নীতির শ্বেতহস্তি।

নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একের পর এক জালিয়াতি আর প্রতারণার নির্বাচন করা আওয়ামী লীগের কাছে অবশ্য এ সব প্রতিবেদন মূল্যহীন। যে সংস্থাই প্রতিবেদন প্রকাশ করুক তা অস্বীকার করা কিংবা তার ভেতরে উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র খোঁজা তাদের মজ্জাগত বিষয়। তাই তো টিআই’বি প্রতিবেদন প্রকাশ করার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ৮৭ ভাগ প্রার্থী কোটিপতি বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত।

বাংলাদেশের আরেক থিংকট্যাংক হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। অর্থনৈতিক হালহকিকত তুলে ধরে নিয়মিত নানা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে ব্যাংকিং খাতে  ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট হয়েছে।

ব্যাংক থেকে অর্থ লোপাটের ব্যাপারে সিপিডি যে তথ্য প্রকাশ করেছে, প্রকৃত চিত্র আরও ভয়াবহ হবে তা নিশ্চিত। কেন না, যদি ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়ে থাকে, তাহলে বছরে গড়ে মাত্র ছয় হাজার কোটি টাকার বেশি লুটপাট হয়েছে, কিন্তু বাস্তবতা হলো লুটপাট হয়েছে আরও অনেক বেশি। বিশেষ করে দেশের ব্যাংকের মালিকানায় একচেটিয়া আওয়ামী রাজ কায়েম হওয়ায় ব্যাংক থেকে লুটপাটের আসল খবর বের করাও কঠিন।

সিপিডির প্রতিবেদন প্রকাশের পর যথারীতি এর মধ্যেও দুরভিসন্ধি খুঁজে পায় সরকার। একে সরকারের বিরুদ্ধে অপপ্রচার বলে উল্লেখ করা হয়। তবে সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, এটাকে সরকারের বিরুদ্ধে প্রচারণা মনে করা অবান্তর। এ বিষয়টি সমস্যা চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে সরকার সমাধানের আশ্বাস দেবে এমন আকাঙ্খা থেকে থেকেই প্রতিবেদন দিয়েছে সিপিডি।

দেশের গণতন্ত্র আর সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা আরো কিছু সংগঠন সরকারের নানা কাজের সমালোচনা করছে। সুশাসনের জন্য নাগরিক, ব্রতীর মতো সংগঠন ৭ জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতাই শুধু নয় এ ধরণের নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে। আগামী নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের ভাষ্য নিয়মিত তুলে ধরছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সম্প্রতি এই সংগঠনের এক ওয়েবিনারে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখা নিশ্চিতে যা যা করার দরকার, ২৮ অক্টোবরের পর তাই করা হয়েছে।

এ ধরণের নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে যাচ্ছেন ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। তিনি মনে করেন, এ ধরণের নির্বাচন শুধু দেশের গণতন্ত্র আর ভোটাধিকারকেই বিপন্ন করেনি তার আশঙ্কা এবারের ভোটের পর ক্ষমতাসীন দলও সঙ্কটাপন্ন হয়ে পড়বে।  

৭ জানুয়ারির ভাগাভাগির নির্বাচনের ব্যাপারে মানুষের মন বিষিয়ে গেছে, এই নির্বাচনের ফলাফল সবাই জানে, একটা দল ক্ষমতার জন্য কতটা মরিয়া আর বেপরোয়া হলে অন্ধ আর বধিরের মত আচরণ করতে পারে? কিন্তু অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়? কে জানে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা আওয়ামী লীগের জন্য কোন প্রলয় অপেক্ষা করছে?

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন