Logo
Logo
×

সংবাদ

কৃষক দল নেতাকে না পেয়ে পাওয়ার টিলার নিয়ে গেল পুলিশ

Icon

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

কৃষক দল নেতাকে না পেয়ে পাওয়ার টিলার নিয়ে গেল পুলিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকে না পেয়ে জমি চাষ করার পাওয়ার টিলার পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এর আগে রাজধানীতে বিএনপি নেতাকে না পেয়ে গ্যারেজে রাখা গাড়ী নিয়ে গেছে। পাশাপাশি গ্রেফতারের নামে আইন-শৃংখলা বাহিনীর চাঁদাবাজী করছে। 

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ‘কৃষকদল-শেরপুর জেলাধীন শ্রীবর্দী উপজেলার তাঁতীহাটি ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ আল আমিন মিয়া আজ শুক্রবার সকালে নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। আইন-শৃংখলা বাহিনী গ্রেফতার করতে এসেছে এমন খবর পেয়ে তিনি পালিয়ে যান। পরে পুলিশ তাকে না পেয়ে তার পাওয়ার টিলারটি শ্রীবর্দী থানায় নিয়ে যায়।এছাড়া গত ২৭ ডিসেম্বও তারিখে বগুড়া জেলার গাবতলী উপজেলা কৃষকদলের নেতা আসাদুজ্জামান আসাদকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে পুলিশ।’

বিবৃতিতে এসব ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘পুলিশ কর্তৃক কৃষকদল নেতাকে গ্রেফতার করতে না পেরে তার জমি চাষের পাওয়ার টিলার নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও হীন মনেবৃত্তিরই বহি:প্রকাশ। বর্তমান আওয়ামী শাসনামলে পুলিশ বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য আন্দোলনরত নেতাকর্মীদেরকে গ্রেফতারের নামে বানিজ্য শুরু করেছে। আর এরই ধারাবাহিকতায় কৃষক দল নেতাকে না পেয়ে পাওয়ার টিলার থানায় নিয়ে গেছে।’ 

তারা বলেন, ‘আইন শৃক্সখলা বাহিনী দেশ ও দেশের মানুষকে রক্ষা ও সেবাদানের পরিবর্তে ভক্ষকের ভূমিকায় আবির্ভূত হয়েছে। আর এজন্য দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির সম্মুখিণ। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফাভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকারের হুকুম তামিল করছে, নেতাকর্মীদেরকে গণহারে গ্রেফতারসহ নানা নাশকতার কাহিনী সাজিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ এসব অপচেষ্টায় বিভ্রান্ত না হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকবে। জনগণ আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সরকার পতনের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হবে না।’
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে পাওয়ার টিলার ফেরত ও গ্রেফতারকৃত নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির জোর আহবান জানিয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন