ভোটার বাড়াতে আওয়ামী লীগে টার্গেট সরকারি কর্মজীবি ও সুবিধাভোগীরা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
প্রধান বিরোধী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটার উপস্থিত করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে চায় আওয়ামী লীগ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার উপস্থিতি বাড়ানো আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলটি মনে করছে ভোট পড়ার হার বাড়াতে পারলে দেশে-বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতা দেখানো যাবে।
এ অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা মেনে মাঠ পর্যায়ের নেতারা ভোটার টানার নানা কৌশল নিয়ে প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। তারা বলেছেন, কৌশলের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। পাশাপাশি ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করেছে। কৌশলের অংশ হিসেবে কোটি সরকারি চাকুরীজীবি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা কোটি দরিদ্র মানুষকে ভোট কেন্দ্রে আনার পরিকল্পনা করছে দলটি। এসব দরিদ্র মানুষকে ভোট কেন্দ্রে নিতে ভোটের দিন প্রস্তুত রাখা হবে রিকশা, ভ্যান ও নৌকা।
আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবেলায় যেসব কৌশল নিচ্ছে তার সমালোচনা করে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ‘সরকার জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে এখন অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে যেসব কৌশল নিচ্ছে এগুলো আসলে অপকৌশল। বিশেষ করে সরকারি চাকুরীজীবী ও রাষ্ট্রীয় ভাতাভোগী দরিদ্র মানুষকে ভোট কেন্দ্রে নিতে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। তাছাড়া দরিদ্র মানুষদের ভাতার কার্ড ভয়-ভীতি দেখিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভোট দিয়ে আসার পর আবার কার্ড দেওয়া হবে। কিন্তু তাদের যে সুযোগ সুবিধা কিংবা ভাতা দেওয়া হয় তা তো রাষ্ট্রের, আওয়ামী লীগের নয়। এর বাইরে কোটি কোটি লুটের টাকা বরাদ্দ রাখা হচ্ছে ভোটার টানতে। ভোটের দিন টাকা ছিটানো হবে ভোটার টানতে।’
বিগত নির্বাচনগুলোতে যে পরিমাণ ভোট পড়েছে : ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৭৪ দশমিক ৯৬ ভাগ। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে ৭৫ দশমিক ৫৯ ভাগ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে ৮৭ দশমিক ১৩ ভাগ। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ৪০ দশমিক ৪ ভাগ। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৩ এমপি নির্বাচিত হন। তবে গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ ভাগ ভোট পড়েছিল বলে জানিয়েছিলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
খোজ নিয়ে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মশালায় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় ২০০ মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব মাস্টার ট্রেইনার সারা দেশে ৬ লাখ নেতাকর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান ৬ লাখ কর্মীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। প্রশিক্ষিত এই কর্মী বাহিনী মাঠে কাজ করছেন। এদের একেকজন আছেন ২০০ ভোটারের দায়িত্বে। এই প্রক্রিয়ায় তারা ১২ কোটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এই ক্যাম্পেইনের আওতায় ৬ লাখ কর্মীর প্রশিক্ষিত বাহিনী ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নির্বাচনী জনসভা করছেন। এসব জনসভায় লোকের উপস্থিতি বাড়াতে পরিবহণ ফ্রি করে দেওয়া হচ্ছে। সরকারী চাকুরীজীবী, ভাতা কার্ডধারীদের চাপ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া জনপ্রতি পাচশো থেকে এক হাজার টাকা, পুরুষদের লুঙ্গি, মেয়েদের শাড়ী, মাথায় পড়ার জন্য ক্যাপ ও প্যাকেট খাবার দিয়ে জনসভায় লোক নেওয়া হচ্ছে।
প্রস্তুত রাখা হবে রিকশা, ভ্যান ও নৌকা : অনেক সময় গরিব মানুষরা ভোটকেন্দ্রে আসতে চান না, টাকার অভাবে। তাছাড়া আছেন অনেক বয়স্ক। অনেকের চলনশক্তি নেই। তাই নির্বাচনের দিন তাদের আনা-নেওয়া করানোর জন্য থাকছে রিকশা, ভ্যান ও নৌকা। যেখানে যে অবস্থা সেখানে সেই ব্যবস্থা থাকবে। এখনও অনেক এলাকা রয়েছে দুর্গম। যেখানে ভালো রাস্তা-ঘাট নেই সেসব এলাকার জলপথে নৌকা রাখা হবে। আর যেখানে রাস্তাঘাট একটু ভালো সেখানে রাখা হবে রিকশা ও ভ্যান। এ জন্য প্রতিটি এলাকায় আলাদা করে টিম গঠন করে দেওয়া হয়েছে।
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাঈমুজ্জামান ভুঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ভোটের দিন ভোটার টানতে ছক অনুযায়ী কাজ শুরু করেছেন। পঞ্চগড় এক আসনে মোট ১৫৬টি ভোটকেন্দ্র আছে। আমরা প্রত্যেকটি ভোটকেন্দ্রের বিপরীতে ৩০০ আওয়ামী লীগ কর্মী নিয়ে কেন্দ্র কমিটি গঠন করেছি। আমাদের যে ৩০০ কর্মী তাদের পরিবারের চারজন করেও যদি ভোটে আনে তাহলে ১২শ ভোট। স্রেফ আমার কর্মীদের দ্বারাই এক কেন্দ্রে ১২শ ভোটার আনা সম্ভব। এখন ১২শর সঙ্গে ১৫৬ আপনি গুন দেন। এর বাইরে যারা শিক্ষকতা করে, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, আলেম সমাজ, আমাদের নারী স্বাস্থ্যকর্মী যাদের এলাকায় পরিচ্ছন্ন ইমেজ রয়েছে, এরকম একটা টিম নিয়ে আমরা বাড়ি বাড়িতে ভোট ভিক্ষা চাইব। বৈষ্ণবদের মতো করে ভিক্ষা চাইব আর তাবলীগ জামাতের মতো বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেব। এই এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আমার কর্মী বাহিনী সাজিয়েছি। তরুণ ছাত্র ও যুব সমাজের একদল সাহসী মানুষ তারা অপশক্তিকে প্রতিরোধ করবে আর আমাদের মুক্তিযোদ্ধা ও প্রবীণ নেতাদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ করেছি। এই তিন ক্যাটাগরিতে আমাদের কর্মী বাহিনী বিন্যাস করেছি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনায় গঠিত মিডিয়া ও কমিউনিকেশন উপ-কমিটির সদস্য সচিব মোহাম্মদ এ আরাফাত সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচনী প্রচারের কাজে সহায়তা ও বিএনপি-জামায়াতের গুজব রুখতে এরই মধ্যে বেশ কয়েকটি সেল কাজ শুরু করেছে। এবার খুবই সায়েন্টিফিক পদ্ধতি ব্যবহার করে প্রচারের কাজ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রভিত্তিক কমিটি ও দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা এই কাজে যুক্ত থাকবেন বলেও জানান তিনি। ভোটের হার বৃদ্ধির ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
