আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত হাজারো বিএনপি নেতাকর্মী কারাবন্দী। গ্রেপ্তারের আগে যেমন, পরেও তেমনি তাদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে বল অভিযোগ। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে কারাগারে।
গত ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এব অভিযানে বিএনপি নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের ওপর নির্যাতনের বিভিন্ন খবর পাওয়া যায়। তবে গ্রেপ্তারের পরও কারা অভ্যন্তরে দলটির নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ । এ সময়ে অন্তত পাঁচ নেতার মৃত্যু হয়।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে কারাগারে নির্যাতনে ও বিনা চিকিৎসায় বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন। সম্প্রতি এ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলন-সংগ্রাম চলাকালেও কারাগারে নেতাকর্মীদের মৃত্যু হচ্ছে।
এ বিষয়ে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘কারাগারে অল্প সময়ের ব্যবধানে একাধিক নেতার মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা। কারাগারে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনার পুরো দায় সরকারের। এখানে রাষ্ট্রের অবহেলা রয়েছে। এমন ঘটনা একের পর এক ঘটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে এবং এর দায় সরকারকে নিতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সারাদেশের কারাগারগুলোতে বিএনপির অসংখ্য নেতাকর্মী মারা গেছেন। এদের মধ্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু অন্যতম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান-ইলেভেনের সময়ে কারাগারে যথাযথ চিকিৎসা পাননি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থভাবে পায়ে হেঁটে কারাগারে গেলেন এবং সেখান থেকে বের হলেন হুইল চেয়ারে করে। দলের নেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন কারাগারে চেয়ারপারসনকে স্লো পয়জনিং করা হয়েছিল। কারাগারে মৃত্যুর সংখ্যা সম্প্রতি বেড়েছে যা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি।’
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির নেতা-কর্মীসহ চলতি বছরে জেল হেফাজতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে জেল হেফাজতে ৯৩ জন বন্দির মৃত্যু হয়েছে। যা সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ। গত বছর জেল হেফাজতে মৃত্যু হয় ৬৫ জনের। যাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। বিরোধীদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউনের মধ্যে চলতি ডিসেম্বরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যারা বিএনপি নেতাকর্মী।
সম্প্রতি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। একটি নাশকতার মামলায় গত ৭ নভেম্বর থেকে তিনি রাজশাহী কারাগারে ছিলেন। মনিরুলের মৃত্যুর বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন অভিযোগ করে বলেন, ‘কারাগারে অনেক নেতা-কর্মী অসুস্থ হয়ে পড়ছেন। অনেককে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হচ্ছে। কারাগারে তাদের যথাযথ চিকিৎসা হচ্ছে না। আমরা এ মৃত্যুর ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত দাবি করছি।’
গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘সারা দেশের কারাগারগুলোতে যত বন্দী রয়েছে তার বেশিরভাগই বিএনপির নেতা-কর্মী। তাদের কেউ কেউ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। কারণ কেউ যেন টু শব্দও না করতে পারে সেজন্য কারাগারের ভেতরে-বাইরে চলছে বিরোধী দলের সক্রিয় নেতাকর্মীদের ওপর নানাবিধ অমানবিক আচরণ। কারাবন্দীদের নির্যাতন করা হচ্ছে অবর্ণনীয় পৈশাচিক কায়দায়, বন্দীদের চিকিৎসা না দিয়ে হত্যা করা হচ্ছে। অসুস্থ বন্দীকে হাত-পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা হচ্ছে।’
তিনি বলেন, ‘কারাগারে দমবন্ধ করা সেলে দিনরাত লকআপে রাখা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। তাদের গরু-ছাগলের খাবারের জন্য প্রযোজ্য অতি নিম্নমানের খাবার দিয়ে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নেতাদেও মৃত্যুর দায় এড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী গল্প সাজিয়ে মিথ্যাচার করছে। জেল হেফাজতে মৃত্যুর দায় এড়াতে পারবে না শেখ হাসিনা এবং তার মাফিয়া চক্রের কারা কর্মকর্তারা। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।’
বিএনপির এ মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর সরকারের দমনপীড়নের বিষয়ে সম্প্রতি ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, যে শেখ হাসিনার পুলিশ বাহিনী সাম্প্রতিককালে ধর-পাকড় চালিয়ে হাজার হাজার বিরোধী নেতা, কর্মী, সমর্থক দিয়ে বাংলাদেশের কারাগারগুলো ভরে ফেলেছে। কারাগারে তারা অসুস্থ হচ্ছেন এবং ধুঁকে ধুঁকে সেখানে মরছেন।’
গণমাধ্যমের বরাত দিয়ে রিজভী বলেন, ‘দেশের ৬৮টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৩ হাজারের কম হলেও সেখানে দেশের গণমাধ্যমের হিসেবে প্রায় ৮৮ হাজার বন্দি রয়েছে। অবৈধ দখলদার সরকার তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য পুরো দেশকে নরকে পরিণত করেছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। কারাগারে যারা রয়েছেন তারা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন।’
