Logo
Logo
×

সংবাদ

১ জানুয়ারি থেকে আদালত বর্জন করবে বিএনপির আইনজীবীরা 

Icon

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পিএম

১ জানুয়ারি থেকে আদালত বর্জন করবে বিএনপির আইনজীবীরা 

বিএনপিপন্থী আইনজীবিরা আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত উচ্চ ও  নিম্ম সব ধরনের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। আদালত বর্জনের এ সিদ্ধান্ত প্রধান বিচারপতিসহ সকল বিচারকদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। 

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এমন ঘোষণা দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ কর্মসূচী দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ৭ জানুয়ারি সরকার আরেকটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমুলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র, বিদ্রোহী, অনুগত প্রভৃতি হরেক রকম প্রার্থী দাড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্চে। তিনি বলেন, আজ পর্যন্ত (২৮ অক্টোবর থেকে) সরকার বিরোধী দলের গণতন্ত্রকামী ২৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ৬৮৪টি মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ সপ্তাহে ১ হাজার ৪৮২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

তিনি আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সকল জেলা আদালত, দায়রা আদালত, মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সমস্ত আদালত বর্জন কর্মসূচী ঘোষণা করেন। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান বিচারপতিসহ সকল বিচারকদের কাছে বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন