Logo
Logo
×

সংবাদ

আওয়ামী লীগে ২৩৫ জনই কোটিপতি প্রার্থী!

Icon

সানজিদা আফরোজ

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম

আওয়ামী লীগে ২৩৫ জনই কোটিপতি প্রার্থী!

এবারের জাতীয় সংসদ নির্বাচনটা কোটিপতিদের লড়াইয়ে পরিণত হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামার চিত্র দেখলে যে  কারো এটাই মনে হবে। ব্যবসায়ীরা প্রার্থী হচ্ছেন ব্যাপকভাবে, কমে যাচ্ছে অন্য পেশার রাজনীতিবিদদের নির্বাচনে অংশগ্রহণ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে‌ ১৮৯৬ জন‌‌ প্রার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৬৪ প্রার্থীর বছরের এক কোটি টাকার চেয়ে বেশি আয়। ১০০ কোটির বেশি সম্পদ রয়েছে ১৮ জনের বেশি প্রার্থীর। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৪৮০ জন। কোটিপতি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২৩৫ জন, জাতীয় পার্টির ৪৭ জন, স্বতন্ত্র ১৬০ জন, জাসদের ৭ জন, তৃণমূল বিএনপির ৬ জন। সম্পদের মালিকানায় শীর্ষ ১০ জনের মধ্যে ৬জনই আওয়ামী লীগের আর চারজন স্বতন্ত্র প্রার্থী

২৬ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বাদশ নির্বাচনে ১৮৯৬ জন অংশগ্রহণ করছেন। নির্বাচনে ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে ১৮ জনের। প্রার্থীদের মধ্যে ৫৭ শতাংশের মূল পেশা ব্যবসা। আর বাৎসরিক আয় ১ কোটি টাকার বেশি এমন প্রার্থীর সংখ্যা ১৬৪ জন। ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা ১৮ জন। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৪৮০ জন।

এছাড়াও ১০ কোটি টাকার বেশি আছে এমন প্রার্থীর সংখ্যা ৪ দশমিক ৬২ শতাংশ। ৫০ কোটি টাকার বেশি আছে ১ দশমিক ০৭ শতাংশ। কোটিপতি প্রার্থীর মধ্যে ২৩৫ জন আওয়ামী লীগের, ১৬৩ জন স্বতন্ত্র, ৪৭ জন জাপা, ১৭ জন জেপি, ৭ জন জাসদ, ৬ জন তৃণমূল বিএনপি, ৫ জন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির।

একশ কোটি টাকা বেশি আছে এমন প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছে পাট ‍ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩৪৫ কোটি টাকা। এরপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান। তার সম্পদ ৪২১ কোটি টাকা। সালমান এফ রহমানের সম্পদ ৩১৫ কোটি টাকা। কুমিল্লা-৮ আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের সম্পদ ৩০৬ কোটি, কুমিল্লা-৩ আসনের এমপি  ইউসুফ আব্দুল্লাহ হারুনের ২৭৭ কোটি, চুয়াডাঙ্গা-১ স্বতন্ত্র প্রার্থী দিলীয় কুমার আগর ওয়ালার ২৭৬ কোটি, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের ২৫৩ কোটি টাকা, নারায়ণগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মুর্তজার ২৩৩ কোটি, নংসিংদী-৩ স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ১৭৪ কোটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাঈদ খোকনের ১৬৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৭ শতাংশের মূল পেশা ব্যবসা।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীদের হলফনামায় দেওয়া আয়-সম্পদ ও ঋণ-দায় বিবরণী কতটা সঠিক এবং আয় ও সম্পদ কতটা বৈধ উপায়ে অর্জিত তা যাচাই করা হয় না। আবার সম্পদের অর্জনকালীন যে মূল্য হলফনামায় দেখানো হয়েছে তা নিয়েও বড় রকমের প্রশ্ন রয়েছে। হলফনামায় প্রার্থীরা নিজেদের অর্জিত সম্পদ কতটা দেখিয়েছেন? পুরোটা দেখিয়েছে কি না? কিংবা দেশে বা বিদেশে সম্পদ ধারণের তথ্য গোপন করেছেন কি না তা নিয়েও প্রশ্ন করার সুযোগ তৈরি হয়েছে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন