ঢাকা, ২৫ ডিসেম্বর (ইউএনবি)- ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
তিনি বলেন, ‘ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের বিষয় নয়। তাই দেশ ও জনগণের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।’
বড়দিন উপলক্ষে বঙ্গভবনের গ্যালারি হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা অনুষ্ঠানের আয়োজন করেন।
ক্রিসমাস হলো যীশু খ্রীষ্টের জন্মোৎসব। ২৫ ডিসেম্বর ধর্মীয় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে এ দিন উদযাপন করা হয়।
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এদেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম ও আচার-অনুষ্ঠান পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি দেশ ও বিশ্বের অন্যান্য দেশের খ্রিস্টানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যীশু খ্রীষ্ট ছিলেন সত্যের সন্ধানী ও আলোর পথপ্রদর্শক।
তিনি বলেন, যীশু খ্রীষ্ট বিপথগামী লোকদের সত্য ও ন্যায়বিচারের পথ দেখিয়েছিলেন এবং বিশ্বকে একটি শান্তিপূর্ণ স্থানে পরিণত করার জন্য কাজ করেছিলেন।
সাহাবুদ্দিন বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্যসহ বর্তমান যুদ্ধবিধ্বস্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রীষ্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ কমিউনিটির লোকজন, কূটনীতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি দরবার হলে কেক কাটেন এবং অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
