৭ জানুয়ারি দেশে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে তা বলছেন সবাই। ভাগাভাগির আসনের সাজানো নির্বাচন রুখতে একাট্টা হয়ে মাঠে বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল। এ নির্বাচনের ব্যাপারে গোড়া থেকেই সোচ্চার দেশের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের বড় অংশটি। ২৩ ডিসেম্বর ‘ভোট ও ভবিষ্যতৎ শীর্ষক সংলাপে এ নিয়ে কথা বলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিক’ ব্যানারে এই সংলাপের আয়োজন করা হয়। বিশিষ্ঠজনদের বক্তব্যের চৌম্বক অংশ।
বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)
এটা সুস্পষ্ট, ভোটের ট্রেন ট্র্যাকে (পথ) উঠে গেছে। আমাদের সরকার এতে চেপে বসেছে। কিন্তু এর গন্তব্য কোথায়? আমি তো মনে করি, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। কারণ হলো ভোটের খেলা হচ্ছে, কোনো নির্বাচন হচ্ছে না।
অধ্যাপক আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ
২০১৪ সালের নির্বাচনে বেশির ভাগ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। সরকার এবার যে নির্বাচন করতে যাচ্ছে, তা ২০১৪ সালের নির্বাচনী মডেলের সম্প্রসারণ। এবারের মডেলে যেটা সম্প্রসারণ করা হয়েছে সেটা হলো ভোটারদের উপস্থিত করতে হবে। আগে সরকারের বিবেচনায় এটা ছিল না। এবার ভোটারদের উপস্থিত করার জন্য স্বতন্ত্র, ডামি প্রার্থী দিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার খেলা তৈরি করেছে। বলা হচ্ছে, যারা ভোট দিতে যাবে না, তারা হচ্ছে গণতন্ত্রবিরোধী, নির্বাচনবিরোধী।
সরকার জনগণের ওপর ভর করছে না। সরকার ভর করছে বিজ্ঞাপনী সংস্থা, হামলা-মামলা, ধনিক গোষ্ঠী, সুবিধাভোগী আমলা ও বুদ্ধিজীবী শ্রেণি এবং ভারত, চীন, রাশিয়ার মতো বিদেশি শক্তির ওপর।
আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
যে দলই ক্ষমতায় আসে, তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। তবে আওয়ামী লীগের মতো এত নির্মম নির্যাতন, এত মরিয়াভাবে ক্ষমতায় থাকার চেষ্টা অতীতে কেউ করেনি।
বিএনপি আন্দোলন সফল করতে পারল না, এটা সত্যি। সবচেয়ে বড় সত্যি হচ্ছে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ ভুয়া নির্বাচন ঠেকাতে পারছে না। সিপিবি পারছে না, বাসদ পারছে না, অধ্যাপক তানজিম পারছে না, আনু ভাই পারছেন না, আমি পারছি না। আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হচ্ছি। আর এই ভুয়া নির্বাচন যারা প্রতিষ্ঠা করছে, তারা জিতে যাচ্ছে।
আবু সাঈদ খান, উপদেষ্টা সম্পাদক সমকাল
ভোটের মধ্য দিয়ে জনগণের রায় প্রতিফলিত হচ্ছে না এবং এই ভোট তার মর্যাদা হারিয়েছে।
তানজিম উদ্দিন খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমাদের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে দিল্লিতে। এটা খুবই আশঙ্কাজনক। একটা রাষ্ট্র কোন অবস্থায় পৌঁছালে এ রকম পরিস্থিতি তৈরি হয় এবং ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকেও বিসর্জন দিতে প্রস্তুত।’
৭ জানুয়ারি নির্বাচনের পর দেশে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার একটা ক্ষেত্রে পরিণত হতে পারে। দেশের ভেতরে ও বাইরের দুষ্ট শক্তি বিবেচনায় আমাদের সংকটের গভীরতা অনেক বেশি।
শিরীন হক, নারীনেত্রী
৭ জানুয়ারির নির্বাচনের পর আমাদের অসহায়ত্ব আরও বাড়বে।
