ছবি: ইউএস দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই ভারত সফরে গেলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পিটার হাসের দেশত্যাগ নিয়ে এর আগে বহুবার আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করছে রাজনৈতিক দলগুলো। এবার তার সফর নিয়ে দেশে চলছে নানা আলোচনা।
পিটার হাস এমন সময়ে ভারত সফরে গেলেন বিশেষ করে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যখন ভারতকে অভিযুক্ত করে বলছে, ‘প্রথমে ধারণা করা হয়েছিলো নির্বাচনকে সামনে রেখে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। কিন্তু ধীরে ধীরে তাদের কার্যক্রমে মনে হচ্ছে তারা অবৈধ আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকছে। তাদের এ আচরণে দেশের জনগণ ক্ষুব্ধ।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘পিটার হাস স্ত্রীসহ মুম্বাই গেছেন। তার আগে গত বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেন। সেখানে তাকে হয়তো কোনো ম্যাসেজ দিয়েছেন। এখন ভারতে গেছেন সেখানে হয়তো কোনো ম্যাসেজ দেবেন। তবে এই মুহুর্তে তাৎক্ষণিক কিছু বলা সম্ভব নয়।’
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুর ১ টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন।
কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত। তার এই সফর নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে—তার এই ভারত সফরের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
অবশ্য এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এই রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।
গত নভেম্বর মাসে আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লিতে বাংলাদেশের জন্যও দায়িত্বপ্রাপ্ত এমন ৯০টি দেশের মিশন প্রধানদের সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। এছাড়া ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গেও নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। তখন বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়, ভারতে কেনো এ ধরণের অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে। সরকারই বা কেনো ভারতে বসে এভাবে মিশন প্রধানদের নিয়ে নির্বাচন নিয়ে আলোচনা করবেন।
এদিকে পিটার হাসের ভারত সফর সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘প্রথমে আমাদের ধারণ ছিলো এবারের নির্বাচনে তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু সময়ের ব্যবধানে ভারতের অবস্থান আমরা পাল্টাতে দেখছি। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা এবার ২০১৪ ও ২০১৮ সালের মতোন আবারও ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে বলে স্পষ্ট হচ্ছে। বিষয়টি খুবই দু:খজনক। তারা মুখে জনগণের পক্ষে থাকার কথা বললেও এবার দেখা যাচ্ছে ব্যতিক্রম। মনে হচ্ছে তারা এবার জনগনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এখনও সময় আছে। আমরা আশা করি ভারত তাদের মনোভাবের পরিবর্তন ঘটাবে।’
পিটার হাসের ভারত সফরের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু পিটার হাস ভারতে গেছেন স্বাভাবিকভাবেই সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হতেই পারে। নির্বাচন নিয়ে কথা হতেই পারে। এটাই স্বাভাবিক। তবে এখনই এ বিষয়ে কিছু ধারণা করা ঠিক হবে না। ’
